নৌ ও রেলপথকে গুরুত্ব দিতে হবে
নিরাপদ, সাশ্রয়ী ও টেকসই পরিবহনব্যবস্থা গড়ে তুলতে রেল ও নৌব্যবস্থা আধুনিক করতে হবে। সড়কের ওপর নির্ভরতা কমালে দুর্ঘটনা কম হবে, খরচ বাঁচবে এবং দূষণ কম হবে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘নিরাপদ, সাশ্রয়ী ও টেকসই পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রেল ও নৌপথের গুরুত্ব ও উন্নয়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণকারীরা এ কথা বলেন। বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিবেশ আন্দোলন, পরিবেশ বাঁচাও আন্দোলন, ফুয়ারা, ডব্লিউবিবি ট্রাস্ট এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স যৌথভাবে এই সভার আয়োজন করে। ডব্লিউবিবি ট্রাস্টের কর্মকর্তা অ্যাডভোকেসি কর্মকর্তা মারুফ রহমান বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে নৌ ও রেলপথ নিয়ে সঠিক কোনো পরিকল্পনা নেওয়া হয়নি, পর্যাপ্ত বিনিয়োগ হয়নি। এতে যাতায়াতব্যবস্থা সড়ককেন্দ্রিক হয়ে পড়েছে। সভায় একাধিক আলোচক বলেন, নিরাপদ, সাশ্রয়ী ও টেকসই যাতায়াতব্যবস্থা গড়ে তুলতে নৌ ও রেলপথে বিনিয়োগ বাড়াতে হবে।বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক এ কে এ এম আবুল কালাম আজাদ বলেন, ঘনসবতিপূর্ণ এই দেশে সড়ক, নৌ ও রেলকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত পরিবহনব্যবস্থা গড়ে তুলতে হবে। নগরের অভ্যন্তরীণ যাতায়াতের উন্নয়নে পথচারীদের প্রাধান্য দিয়ে গণপরিবহনব্যবস্থা গড়ে তুলতে হবে। বিজ্ঞপ্তি।