নৌ খাতে বৈষম্য দূর করে বরাদ্দ বাড়ানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহন ব্যবস্থায় বৈষম্যমূলক মনোভাব পরিহার করে এই খাতের ওপর বেশি গুরুত্ব দেওয়া এবং বাজেটে বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হয়েছে গতকাল বুধবার আয়োজিত এক আলোচনা সভায়। সভায় নদীর নাব্যতা ফিরিয়ে আনতে এবং চালু নৌপথ সারা বছর সচল রাখতে নিয়মিত খনন ও পলি অপসারণের দাবি জানানো হয়। বিশ্ব নৌ দিবস-২০১১ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলনের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে বিদ্যমান নৌপরিবহনব্যবস্থা ও আমাদের অবস্থান’ শীর্ষক এই সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক নৌপরিবহনমন্ত্রী আ স ম আবদুর রব। তিনি বলেন, নৌ খাতের উন্নয়নের জন্য যে রাজনৈতিক সদিচ্ছা, আন্তরিকতা ও প্রকৃত দেশপ্রেম প্রয়োজন, বিভিন্ন সময়ের সরকারের মধ্যেই তার প্রবল ঘাটতি থাকছে। বর্তমান সরকার নৌ খাতের দিকে দৃশ্যত কিছুটা নজর দিলেও গত তিন বছরে তাদের কর্মকাণ্ডও জাতিকে হতাশাগ্রস্ত করেছে। বিশেষ অতিথি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের সাবেক অধ্যাপক আবদুর রহিম বলেন, নৌ খাতের উন্নয়নে রাজনৈতিক অঙ্গীকারের যেমন ঘাটতি, তেমনি রয়েছে আমলাতান্ত্রিক জটিলতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কারিগরি জ্ঞানের অভাব। নদী খননের নামে হাজার হাজার কোটি টাকার প্রকল্প প্রণয়নই এ খাতের উন্নয়ন নয় বলে মন্তব্য করেন তিনি। আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে আশীষ কুমার দের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সাংসদ তাসমিন রানা, পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক ম. ইনামুল হক প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আয়োজক সংগঠনের সদস্যসচিব আমিনুর রসুল। সভা থেকে মোট ১৭টি সুপারিশ করা হয়। এগুলোর মধ্যে রয়েছে সরকারি ব্যবস্থাপনায় অধিক সংখ্যক স্টিমার, সি-ট্রাক এবং লঞ্চ সার্ভিস চালু, নৌযানের নকশা অনুমোদন ও নির্মাণকাজ পর্যবেক্ষণের যে দায়িত্ব সমুদ্র পরিবহন অধিদপ্তরকে দেওয়া হয়েছে, নির্মাণকাজে তাদের যথাযথ তদারকি নিশ্চিত করা, উপকূল, হাওর ও নদীতীরবর্তী জেলাগুলোর জন্য ভ্রাম্যমাণ নৌ আদালত প্রতিষ্ঠা, নৌ আদালতের জন্য পর্যাপ্ত পুলিশ ও কোস্টগার্ড নিয়োগ করা ইত্যাদি।