নৌকা দিয়ে লঞ্চে যাত্রী ওঠানো যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌকা দিয়ে চলন্ত লঞ্চে যাত্রী ওঠানো ঠেকাবে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টায় পুলিশ কমিশনারের কার্যালয়ে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক।বৈঠকে বিভিন্ন সংস্থার সমন্বয়ে নিয়ন্ত্রণকক্ষ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। নৌযান চলাচল ও যাত্রীদের সার্বিক নিরাপত্তা দেবে ডিএমপি। এ ছাড়া টার্মিনালের নিরাপত্তায় কমিটি গঠন, হকার, ভিক্ষুকমুক্ত রাখা, অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম্য, টিকিট কালোবাজারি রোধ ও যাত্রীবাহী লঞ্চে মাল পরিবহন নিষিদ্ধ করা হবে। লঞ্চের ছাদে যাত্রী বহন রোধ করতে আনসার সদস্যদের কাজে লাগানো হবে।বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, আবহাওয়াসহ সার্বিক অবস্থা মাইক ও সাউন্ড বক্সে নৌযানের যাত্রীদের জানানো হবে। কোনো লঞ্চ যাতে লোডলাইন অতিক্রম না করে সেটি পর্যবেক্ষণ করা হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌযানযোগে বিভিন্ন সংস্থার সমন্বয়ে টহল দেওয়া হবে। সদরঘাট অভিমুখী ব্যস্ত লঞ্চগুলো একমুখী করা হবে। লঞ্চে প্রয়োজনীয় জীবন রক্ষাকারী সরঞ্জামের ব্যবস্থা করা হবে।বৈঠকে পুলিশ কমিশনার বলেন, মানুষের গ্রামমুখী যাত্রাপথ নির্বিঘ্ন করতে ডিএমপি অন্য সংস্থার সমন্বয়ে সব রকম নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে। এ ক্ষেত্রে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমপির যুগ্ম কমিশনার (মহানগর পুলিশ সদর দপ্তর) অমূল্য ভূষণ বড়ুয়া, যুগ্ম কমিশনার মো. হুমায়ুন কবির (অপরাধ ও অপ্স), যুগ্ম কমিশনার (ট্রাফিক) মো. সফিকুর রহমান, যুগ্ম কমিশনার (গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ) মীর শহীদুল ইসলাম, নগরের সব বিভাগের উপকমিশনার। এ ছাড়া উপস্থিত ছিল র‌্যাব, বাংলাদেশ নৌপরিবহন, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, সমুদ্র পরিবহন অধিদপ্তর ও লঞ্চমালিক সমিতির প্রতিনিধিরা।