নৌবাহিনীর অফিসার্স কোয়ার্টারের ছাদ থেকে নারীর লাশ উদ্ধার
রাজধানীর ভাষানটেকে নৌবাহিনীর অফিসার্স কোয়ার্টারের ছাদ থেকে গতকাল শনিবার অজ্ঞাতনামা এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই নারীকে হত্যা করা হয়েছে।ভাষানটেক থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে গতকাল বেলা ১১টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ছাদের এক পাশে লাশটি পড়ে ছিল। তাঁর বাঁ চোখের ওপরে পুরোনো কাটা দাগ, নাকে থেঁতলানো জখম ও কানে কালো জখমের চিহ্ন রয়েছে। দু-এক দিন আগে আঘাত করে ওই নারীকে হত্যা করে ছাদে ফেলে রাখা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।এসআই বলেন, লাশ উদ্ধার করার পরই কোয়ার্টারের সব কটি পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে লাশ শনাক্তের চেষ্টা করা হয়েছে। আশপাশের লোকজনকেও জিজ্ঞাসা করা হয়েছে। এলাকায় মাইকিংও করা হয়েছে। গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত লাশের পরিচয় মেলেনি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, ভাষানটেকের ১৪ নম্বর সড়কের ১৩ নম্বর কোয়ার্টারটি পাঁচতলা। নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের ২০টি পরিবার ওই কোয়ার্টারে থাকে। এর চারদিকে রয়েছে উঁচু দেয়াল। প্রধান ফটকে নৌবাহিনীর কর্মীসহ বেশ কয়েকজন কর্মী নিরাপত্তার দায়িত্বে থাকেন। ভাষানটেক থানার ওসি আবদুল মোমিন বলেন, কোয়ার্টারটিতে বাইরে থেকে অপরিচিত কারও ঢোকার সুযোগ নেই।