নৌবাহিনীর আবাসিক ভবন থেকে লাশ উদ্ধার হওয়া নারী যৌনকর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে নৌবাহিনীর কর্মকর্তাদের আবাসিক ভবনের ছাদ থেকে নারীর লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার হওয়া মো. ইমরান জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ওই নারী ছিলেন একজন ভাসমান যৌনকর্মী। তিনিই (ইমরান) তাঁকে বাসায় নিয়ে যান। ধস্তাধস্তির একপর্যায়ে দেয়ালের সঙ্গে মাথায় ধাক্কা খেয়ে তাঁর মৃত্যু হয়।গত ১৯ মে মিরপুর ১৪ নম্বরে নৌবাহিনীর কর্মকর্তাদের আবাসিক এলাকার একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভাষানটেক থানায় হত্যা মামলা হয়। এ ঘটনায় নৌবাহিনীর এক লেফটেন্যান্ট কমান্ডারের শ্যালক ইমরানকে (২৭) গত শুক্রবার গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা ভাষানটেক থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম গতকাল সোমবার প্রথম আলোকে জানান, ইমরানের পাঁচ দিনের রিমান্ড শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদে ইমরান জানিয়েছেন, ওই নারীর নাম ফরিদা ওরফে কাজল। গত ১৮ মে ইমরানের বোন ও নৌবাহিনীর কর্মকর্তা দুলাভাই গ্রামের বাড়ি গোপালগঞ্জে যান। তাঁদের গাবতলীতে বাসে উঠিয়ে দিয়ে ফ্ল্যাটে আসেন ইমরান। ওই সন্ধ্যায় তিনি মিরপুর ১০ নম্বর থেকে ভাসমান যৌনকর্মী ওই নারীকে বাসায় নিয়ে আসেন। একপর্যায়ে ওই নারী ইমরানকে হুমকি দেন, সব টাকাপয়সা দিয়ে না দিলে তিনি লোক ডাকবেন। এরপর ওই নারীর সঙ্গে ইমরানের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দেয়ালের সঙ্গে মাথায় আঘাত পেয়ে পড়ে যান ওই নারী। এরপর তিনি মারা যান। রাত ১২টার দিকে ইমরান চারতলার ফ্ল্যাট থেকে ওই নারীর লাশ পাঁচতলার ছাদে নিয়ে রেখে আসেন। ইমরান বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের একটি জুয়েলার্সের দোকানে কাজ করেন।