নৌবাহিনীর কর্মকর্তার শ্যালককে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে নৌবাহিনীর কর্মকর্তাদের জন্য নির্ধারিত আবাসিক এলাকায় এক নারী খুনের ঘটনায় মো. ইমরানকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।ইমরান নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ইস্কান্দার আলী খানের শ্যালক। খুন হওয়া ওই নারীর পরিচয় এখনো মেলেনি। ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন প্রথম আলোকে বলেন, গত শুক্রবার ইমরানকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।ওসি বলেন, নৌবাহিনীর কর্মকর্তা ইস্কান্দার আলী ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাঁর শ্যালক ইমরানকে গ্রেপ্তার করা হয়। এখনো ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে অচিরেই সবকিছু শনাক্ত হবে।ঘটনায় ইমরানের জড়িত থাকার প্রমাণ পেয়েছেন কি না—জানতে চাইলে ওসি বলেন, ‘কাল (আজ) সব তথ্য প্রকাশ করব।’গত ১৯ মে মিরপুর ১৪ নম্বরে নৌবাহিনীর কর্মকর্তাদের জন্য নির্ধারিত এলাকায় একটি ভবনের ছাদ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ নিশ্চিত হয়, ওই নারীকে খুন করা হয়েছে। পরে এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়।