নৌমন্ত্রীর ভাগনে-চালককে গুলি করে ও কুপিয়ে মাইক্রোবাস ছিনতাই
রাজধানীর লালমাটিয়ায় গত রোববার মধ্যরাতে ছিনতাইকারীরা নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ভাগনে ও তাদের মাইক্রোবাসের চালককে গুলি করে এবং কুপিয়ে মাইক্রোবাসটি নিয়ে গেছে। গুরুতর অবস্থায় মন্ত্রীর ভাগনে ইভান আহমেদ (২৫) ও চালক দুলাল সিকদারকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।মোহাম্মদপুর থানা সূত্র জানায়, গত রোববার রাত একটার দিকে একটি প্রাইভেটকারে আসা চার-পাঁচজন যুবক লালমাটিয়া সি-ব্লকে নৌমন্ত্রীর ভাগনের গাড়ির গতিরোধ করে। ছিনতাইকারীরা ইভান আহমেদের ডান হাতে চাপাতির কোপ দেয়। এরপর তারা মাইক্রোবাসের চালক দুলালকে টেনে নামানোর চেষ্টা করে। একপর্যায়ে তারা চালকের পিঠে রিভলবার ঠেকিয়ে গুলি করে মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যায়। ইভান প্রথম আলোকে জানান, তার এক মামা আজিজুর রহমান শিবু খানের সঙ্গে তাঁরা উত্তরার ৭ নম্বর সেক্টরে থাকতেন।গত রোববার ওই মামা সিদ্ধেশ্বরীতে একটি ফ্ল্যাটে ওঠেন। এরপর তারা লালমাটিয়ার সি-ব্লকের নৌমন্ত্রীর ফ্ল্যাটটিতে থাকতে শুরু করেন। সকাল থেকে আসবাবপত্র ও মালমাল ট্রাকে করে বাসায় নেওয়া হয়। বাকি কিছু মালামাল নেওয়ার পর রাত পৌনে একটার দিকে তাঁরা লালমাটিয়ার বাসার সামনে এসে দাঁড়ান। ঠিক এ সময় একটি প্রাইভেটকারে চার-পাঁচজন যুবক সেখানে এসে হামলা করে। গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল আবছার প্রথম আলোকে জানান, ছিনতাই হওয়া মাইক্রোবাস ও এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার মো. মাহাবুবর রহমান প্রথম আলোকে জানান, থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ এই ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করছে।