নৌ-নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সদরঘাটে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌ-নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে সদরঘাট টার্মিনালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘প্রশিক্ষণ ও দক্ষতা নদীপথে আনে নিরাপত্তা’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভার আয়োজন করে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ। সভায় লঞ্চমালিক, নৌযানের মাস্টার ও শ্রমিকেরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআইডব্লিউটিএর সদস্য (অর্থ) মনিরুজ্জামান মিয়া। নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য দেন বিশেষ অতিথি নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মফিজুর রহমান, সমুদ্র পরিবহন অধিদপ্তরের সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাতেম আলী। আলোচনা করেন অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার উপদেষ্টা ও এমভি টিপু লঞ্চের মালিক গোলাম কিবরিয়া, সহসভাপতি মো. শাহাবুদ্দিন, পারাবত লঞ্চের মালিক শহিদুল ইসলাম ভূঁইয়া, নৌযান পরিদর্শক মাহবুবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি মনিরুজ্জামান মিয়া বলেন, নৌ-নিরাপত্তা সপ্তাহ একটি প্রতীকী দিবস। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সারা বছর এটা মেনে চলা উচিত। বিশেষ অতিথি হাতেম আলী বলেন, রাতে মালবাহী কার্গো চলাচলে নৌযান দুর্ঘটনার শিকার হয়। এগুলোর বিরুদ্ধে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। লঞ্চে মাঝনদীতে যাত্রীরা ওঠা-নামা করলে দুর্ঘটনা ঘটে। মাঝনদীতে যাত্রী ওঠানো অন্যায়। এগুলো বন্ধ করতে হবে। যাত্রীদের জীবন রক্ষার স্বার্থে জীবন রক্ষাকারী সরঞ্জামের ব্যবস্থা রাখা দরকার।

 কীর্তনখোলা-২ লঞ্চের মাস্টার নুর ইসলাম বলেন, নদীপথে ডুবোচর থাকায় নৌযান চালাতে সমস্যা হয়। রাতে মালবাহী বাল্কহেড, কার্গো চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এসব নৌযান চলাচল বন্ধ ও রাতে বয়াবাতি নিশ্চিত করা দরকার।

 শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, যাত্রীদের নিরাপত্তায় নৌ-নিরাপত্তা সপ্তাহ পালন করলে হবে না, সারা বছর তা পালন করা উচিত। নদীপথে ডুবোচরে ড্রেজিং করা দরকার। মেরিন কোর্টের নামে লঞ্চের মালিকদের অহেতুক হয়রানি করা হচ্ছে। গোলাম কিবরিয়া বলেন, লঞ্চের মাস্টার দক্ষ ও দায়িত্বশীল হলে নৌ-দুর্ঘটনা ঘটবে না।