ন্যানোটেকনোলজি বিষয়ে আন্তর্জাতিক কর্মশালা কাল শুরু
দেশে ন্যানোটেকনোলজির কার্যকর চর্চা ও প্রয়োগের লক্ষ্যে এর ওপর তিন দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করা হয়েছে। কাল শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মশালার উদ্বোধন করবেন।ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালা শেষ হবে আগামী রোববার। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে কর্মশালার আয়োজক কমিটির সদস্যসচিব ও বুয়েটের অধ্যাপক আল-নকিব চৌধুরী লিখিত বক্তব্য উপস্থাপন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি বস্তুকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর আকারে রূপান্তরিত করে যে প্রযুক্তির উদ্ভব হয়েছে, তাই ন্যানোটেকনোলজি। এটা জ্ঞানবিজ্ঞানের একটি যুগান্তকারী নতুন উদ্ভাবন। ন্যানোটেকনোলজির প্রয়োগে বিজ্ঞান, চিকিৎসা, কৃষি, খাদ্য, বস্ত্র, প্রকৌশল, শক্তি, পরিবেশ ইত্যাদির ক্ষেত্রে প্রতিনিয়ত উন্নয়ন সাধিত হচ্ছে।আয়োজকেরা জানান, কর্মশালার সমাপনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দেশ-বিদেশের তিন শতাধিক বিজ্ঞানী ও ন্যানো প্রযুক্তিবিদ এই কর্মশালায় অংশ নেবেন।