নারীরা শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবহেলার শিকার হচ্ছেন প্রতিনিয়ত। নারীদের গুরুতর শারীরিক সমস্যা কিছুটা আমলে নেওয়া হলেও মানসিক সমস্যা বা অবহেলাকে আমলেই নেওয়া হয় না।বিশেষজ্ঞদের মতে, নারীরা নির্যাতনের পর ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েন, অনেকের পক্ষে ঘটনাটা মেনে নেওয়া কঠিন হয়ে যায়। উল্টো ঘটনাটি ঘটার জন্য দায়ী করা হয় অনেক নারীকে। ফলে অনেকেই অনুশোচনা বা লজ্জাবোধে আক্রান্ত হয়। মনের মধ্যে বিষয়গুলো চাপ প্রয়োগ করে, আচরণে তার প্রকাশও ঘটে। কিন্তু কাউকে বলার জায়গা খুঁজে পান না। ভয়, হীনম্মন্যতা, আত্মহত্যাপ্রবণতা, বিষণ্নতা, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ইত্যাদি সমস্যায় ভুগতে থাকেন নির্যাতনের শিকার নারী।নির্যাতনের শিকার এসব নারীর মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্দেশ্যে দেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার। নারী নির্যাতন প্রতিরোধকল্পে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাল্টিসেক্টরাল প্রোগ্রামের আওতায় এটি পরিচালিত হচ্ছে। মহিলা অধিদপ্তরের চতুর্থ তলায় (৩৭/৩ ইস্কাটন গার্ডেন) গত আগস্ট মাস থেকে নারীবান্ধব এ পরামর্শকেন্দ্রের যাত্রা শুরু হয়। এতে সহায়তা করেছে ডেনমার্ক সরকার। নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক আবুল হোসেন জানান, নারী ও শিশুদের মনঃসামাজিক কাউন্সেলিং সেবা দেওয়ার পাশাপাশি দেশে দক্ষ কাউন্সেলর তৈরি করা, বিভিন্ন গবেষণা করা, এ ধরনের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেটওয়ার্ক গড়ে তোলা, দেশের ছয়টি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে আগত নির্যাতনের শিকার নারীদের পরবর্তী মনঃসামাজিক কাউন্সেলিং সেবাও নিশ্চিত করা হবে এ কেন্দ্রের মাধ্যমে।আবুল হোসেন এ ধরনের কেন্দ্র চালু প্রসঙ্গে জানান, ২০০৭ সালে প্রকল্পের আওতায় বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে আগত ২০০ জন নারী ও শিশুর ওপর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পরিচালিত একটি জরিপে দেখা যায়, শতকরা ৯১ ভাগই ক্লিনিক্যাল পর্যায়ে উদ্বেগের মধ্যে ছিল এবং ৮১.৪০ ভাগ ব্যক্তির বিষণ্নতা এত তীব্র মাত্রায় ছিল যে হস্তক্ষেপ করা প্রয়োজন ছিল।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিন ২০০৯-এ দেশে মানসিক সমস্যা ক্রমাগতভাবে বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের দেওয়া তথ্যমতে, ২০০৬ সালে বহির্বিভাগে চার হাজার ৬৪৬ জন, ২০০৭ সালে পাঁচ হাজার ১৭৫ জন এবং ২০০৮ সালে নয় হাজার ২০৯ জন নারীরোগী আসেন। ভর্তি হওয়া নারীরোগীর সংখ্যা ২০০৬ সালে ৩৫০ জন থাকলেও ২০০৯ সালে এ সংখ্যা ৫২৭ জনে দাঁড়ায়।ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টারে বর্তমানে দুজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও জুনিয়র কনসালট্যান্ট এ সেবা দিচ্ছেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, গুরুতর মানসিক সমস্যার ক্ষেত্রে কাউন্সেলিং প্রয়োগ করা যায় না, মানসিক সমস্যা প্রাথমিক স্তরে থাকলেই কেবল কাউন্সেলিং করা যায়। মনঃসামাজিক কাউন্সেলিং হচ্ছে এক ধরনের ওষুধবিহীন মনোবৈজ্ঞানিক চিকিত্সা, যা রোগীকে আগের জীবনে ফিরিয়ে দিতে সহায়তা করে। এ সেবা ব্যক্তিকে তার কষ্টকর আবেগ প্রকাশ করে হালকা হওয়ার সুযোগ দেয়।জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাইকোথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, আধুনিকতার পাশাপাশি মানুষের জীবনে জটিলতাও বাড়ছে। নারীরা মানসিক সমস্যায় বেশি আক্রান্ত হচ্ছেন। কিন্তু সামাজিক বিভিন্ন সমস্যার কারণে তাঁরা চিকিত্সার আওতায় আসছেন কম। অথচ এই নারীদের জন্য কাউন্সেলিং সেবা গুরুত্বপূর্ণ একটি সেবা। মন খুলে কথা বলাটা জরুরি।