ন্যায়বিচার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, দরিদ্র জনগণের সহায়তায় দেশীয় প্রতিষ্ঠানগুলো ভূমিকা রেখে বিদেশি দাতাদের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনতে পারে। দেশের দরিদ্র অসহায় মানুষ যেন ন্যায়বিচার পায়, সে জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানে কামাল হোসেন এসব কথা বলেন। এমজিএইচ গ্রুপ দরিদ্র জনগোষ্ঠীকে আইনি সহায়তা দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টকে (ব্ল্যাস্ট) কতগুলো কম্পিউটার দেয়। কামাল হোসেন ব্ল্যাস্টেরও সভাপতি। কামাল হোসেন আরও বলেন, দরিদ্র জনগণের সেবা করা ব্ল্যাস্ট, আইনজীবী, ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ সবারই কর্তব্য। মুক্তিযুদ্ধে শহীদদের কথা স্মরণ করে তিনি বলেন, ‘তাঁরা জীবন দিয়ে গেছেন। আমাদের দায়িত্ব তাঁদের স্বপ্ন পূরণ করা। সেই স্বপ্ন সফল করার জন্য কাজ করে যাচ্ছি।’ ব্ল্যাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য শামসুল বারির সঞ্চালনায় অনুষ্ঠানে এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান গাজীউল হক, ব্ল্যাস্টের ভাইস চেয়ারম্যান বিচারপতি আওলাদ আলি, ব্ল্যাস্ট ট্রাস্টি বোর্ডের সদস্য আইয়ুব চৌধুরী, জেড আই খান পান্না, রাবেয়া ভূঁইয়া ও সারা হোসেন বক্তব্য দেন।