ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করাসহ নয় দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা ঘোষণা, বন্ধ কলকারখানা চালু ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করাসহ নয় দফা দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে স্কপের উদ্যোগে ঢাকা ও পার্শ্ববর্তী শিল্পাঞ্চলের প্রতিনিধি সম্মেলনে এসব দাবি করা হয়। একই সঙ্গে আসন্ন ঈদুল আজহার আগেই উৎসবভাতা ও সব বকেয়া বেতন-মজুরি পরিশোধ করার দাবি জানানো হয়।সম্মেলনে বলা হয়, দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় শ্রমিক-কর্মচারী তথা নিম্ন আয়ের মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। ব্যক্তিমালিকানাধীন শিল্পশ্রমিকেরা যে বেতন-মজুরি পান, তা দিয়ে কোনোভাবেই এখন আর তাঁরা স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না। এ জন্য জাতীয় ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা ঘোষণার দাবি জানানো হচ্ছে।স্কপের কেন্দ্রীয় নেতা ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রতিনিধি সম্মেলনে বক্তৃতা করেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, জাতীয়তাবাদী শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম চৌধুরী, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি শাহ মুহম্মদ আবু জাফর, জাতীয় শ্রমিক জোটের সভাপতি আবদুল কাদের হাওলাদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন প্রমুখ।