ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা দাবি স্কপ নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা, শ্রম আইনের দুটি ধারার সংশোধনী বাতিল, পে-কমিশন গঠনসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতারা। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ আহ্বান জানান।শ্রমিকদের বিদ্যমান সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে স্কপের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মামুনুর রশীদ চৌধুরী। লিখিত বক্তব্যে বলা হয়, ২০০৬ সালের শ্রম আইনের ৩০৬ ও ৩০৭ ধারা সংশোধনীসংক্রান্ত আইন বাতিল, পে-কমিশন রোয়েদাদ বাস্তবায়ন, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের মজুরি কমিশন গঠন, রোয়েদাদ ঘোষণা এবং পে-কমিশন বাস্তবায়নের সময় থেকে মজুরি কমিশন রোয়েদাদ বাস্তবায়ন, সর্বনিম্ন পাঁচ হাজার টাকা জাতীয় মজুরি ঘোষণা এবং সরকারি উদ্যোগে পূর্ণাঙ্গ রেশনব্যবস্থা চালু করতে হবে। স্কপের নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় শ্রমিকদের নাভিশ্বাস অবস্থা। বাজারদরের সঙ্গে সংগতি রেখে শ্রমিকদের ন্যূনতম বেতন পাঁচ হাজার টাকা করা যুক্তিযুক্ত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল বাশার, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, আবদুল কাদের হাওলাদার, বাদল খান প্রমুখ।