ন্যূনতম মজুরি ৩ হাজার টাকা মানবেন না পোশাকশ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারিত হলে তা মানবে না শ্রমিক সংগঠনগুলো। তারা বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক মজুরি নির্ধারণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা হয়নি। তারা ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে। গতকাল সর্বদলীয় গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এ দাবি তোলে।অন্যদিকে গার্মেন্টস শ্রমিক ঐক্যফোরামের সভাপতি মোশরেফা মিশু ও সাধারণ সম্পাদক কমল দেবনাথ এক যুক্ত বিবৃতিতে বলেছেন, সরকার মালিকপক্ষের কাছে নতি স্বীকার করে তিন হাজার টাকা মজুরি ঘোষণার মধ্য দিয়ে প্রমাণ করেছে, এই সরকারের সঙ্গে অতীতের সরকারগুলোর পার্থক্য নেই। ফোরাম আগস্টের প্রথম সপ্তাহে দেশব্যাপী তৈরি পোশাক কারখানায় সর্বাত্মক ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতারা পৃথক বিবৃতিতে ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা দাবি করেছেন। মজুরি কমিশন পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ করার সুপারিশ করেছে। আজ শ্রমমন্ত্রীর এই মজুরি ঘোষণা করার কথা আছে।শ্রমিক সংগঠনের নেতারা ট্রেড ইউনিয়ন অধিকার, রেশনিং ব্যবস্থা চালু, বাসস্থানের সুবিধার জন্য আন্দোলন করছেন। তাঁরা বলেন, মজুরি কমিশন যে সুপারিশ করেছে, তা বাজারদরের সঙ্গে সংগতিপূর্ণ নয়।বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় গণফ্রন্ট, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি ও জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন একই রকম দাবি জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছে।তবে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশন ঘোষিত মজুরিকে মন্দের ভালো বলার পাশাপাশি তা পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।