ন্যূনতম মজুরি ৫ হাজার টাকার দাবিতে অটল শ্রমিক সংগঠনগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবিতে তৈরি পোশাকশিল্পের শ্রমিক সংগঠনগুলো এখনো অটল রয়েছে। একই সঙ্গে তারা মন্টু ঘোষসহ গ্রেপ্তার সব শ্রমিকনেতাকে মুক্তি এবং মোশারেফা মিশুসহ অন্য নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।গতকাল সোমবার কমরেড মণি সিংহ সড়কের মুক্তি ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনগুলো এ দাবি জানায়। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান। লিখিত বক্তব্য পড়েন কে এম রুহুল আমিন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হায়দার আকবর খান রনো, আবদুস সালাম, বাহারানে সুলতান বাহার, শহীদুল ইসলাম প্রমুখ।সভায় বলা হয়, সরকার গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ না করে মালিক সমিতির অফিসে মালিক ও কিছু শ্রমিকনেতার উপস্থিতিতে সভা ডাকে। এতে ট্রেড ইউনিয়ন সংগঠনগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি। সভায় জলি তালুকদার কথা বলতে চাইলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়। বস্তুত ওই সভায় কোনো আলোচনাই হয়নি। এ ছাড়া ওই সভায় মন্ত্রী ও মালিকপক্ষে স্বার্থ সংরক্ষণ করা কিছু শ্রমিক তৈরি পোশাক কারখানা খোলা রাখার ঘোষণা দিয়েছিলেন।একই রকম দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন। তবে বাংলাদেশ সম্মিলিত গার্মেন্টস শ্রমিক লীগ গতকাল এক বিবৃতিতে শ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা করায় সরকারকে অভিনন্দন জানিয়েছে।