ন্যূনতম ৫ হাজার টাকা ঘোষণার দাবিতে আল্টিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গার্মেন্টস খাতের শ্রম অসন্তোষ ও বিশৃঙ্খলা দূর করতে ২৭ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে ফেডারেশনের নেতারা বলেন, দেশের চার হাজার ৮০০ গার্মেন্টসে প্রায় ৩০ লাখ শ্রমিক কাজ করেন। মোট রপ্তানির ৭৭ শতাংশ আসে এই খাত থেকে। এ খাতের প্রাণ শিল্পশ্রমিকেরা। কিন্তু গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি মাত্র এক হাজার ৬৬২ টাকা। তাঁরা বলেন, সরকার নির্বাচনী ইশতেহারে শ্রমিকদের জন্য পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুর অঙ্গীকার করেছিল। কিন্তু এখনো তা কার্যকর করেনি। তা ছাড়া শ্রমিকদের বাসস্থান, নারীশ্রমিকদের জন্য পরিবহনের ব্যবস্থা মালিকপক্ষ করছে না। গার্মেন্টস খাতের শ্রম অসন্তোষ নিরসনে কারখানাভিত্তিক ইউনিয়ন গঠন, শ্রমিক ও শিল্পস্বার্থবিরোধী আইন বাতিল, শিল্প পুলিশ গঠনের প্রস্তাব বাতিল, শ্রমিকদের জন্য পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান গার্মেন্টস নেতারা। দাবি মানা না হলে ২৭ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন নেতারা। সংবাদ সম্মেলনে আমিরুল হক, শাফিয়া পারভীন, ফারুক খান, নুরুন নাহার, সুলতানা আক্তার প্রমুখ বক্তব্য দেন।