নয় বছরেও শেষ হয়নি পল্টনে বোমা হামলার তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২০ জানুয়ারি। নয় বছর আগে এই দিনে রাজধানীর পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলায় পাঁচজন নিহত হন। আহত হন আরও প্রায় ৫০ জন। রাজধানীতে এই নৃশংস ঘটনার পর নয় বছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু এ ঘটনায় দোষীদের বিচার তো দূরের কথা, মামলার তদন্তই শেষ হয়নি।বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে। সিপিবি অভিযোগ করে, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এ মামলাটির তদন্ত ভিন্ন খাতে নেওয়া হয়েছিল। তখন প্রকৃত অপরাধীদের ধরার কোনো চেষ্টাই করেনি পুলিশ।মামলার নথিপত্রে দেখা যায়, পুলিশ ২০০৩ সালের ১৭ ডিসেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে মামলাটি শেষ করে দিয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির তত্কালীন পরিদর্শক (বর্তমানে সহকারী পুলিশ সুপার) সৈয়দ মোমিন হোসেন চূড়ান্ত প্রতিবেদনে লিখেছেন, কোনো প্রকার নির্ভরযোগ্য ও নিরপেক্ষ সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। এ মামলার পলাতক আসামি মিরাজকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তার করা গেলে বোমা হামলার মূল রহস্য উদ্ঘাটন করা যেত।তবে একই তদন্ত কর্মকর্তা ২০০৫ সালের ২৭ জানুয়ারি মামলাটি পুনর্জীবিত করার জন্য আদালতে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, মশিউর রহমান নামের এক আসামি মতিঝিল থানার একটি মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই জবানবন্দিতে মশিউর আদালতকে বলেন, ওই দিন সিপিবির সমাবেশে মিরাজ নামের এক ব্যক্তি কালো পলিথিন ব্যাগে একটি বই হাতে মশিউরের হাতে দিয়ে গাজর কেনার কথা বলে সমাবেশ থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরই বোমার বিস্ফোরণ ঘটে। আলী মিরাজের সম্ভাব্য ঠিকানা পাওয়া গেছে। তাই মামলাটি পুনর্জীবিত করা প্রয়োজন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেন। এরপর কেটে গেছে আরও পাঁচ বছর। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান ২০০৬ সালের নভেম্বরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অন্য অনেক ঘটনার সঙ্গে পল্টনের বোমা হামলার ঘটনায়ও জড়িত থাকার কথা বলেন। কিন্তু তত্কালীন বিএনপি-জামায়াত সরকারের আমলে তদন্ত কর্মকর্তা এ ব্যাপারে খুব একটা অগ্রসর হতে পারেননি। পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তদন্তে কিছুটা গতি আসে। মামলাটির বর্তমান তদন্ত কর্মকর্তা হচ্ছেন সিআইডির পরিদর্শক মৃণাল কান্তি সাহা। মৃণাল কান্তি সাহা প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে এ মামলায় হরকাতুল জিহাদের (হুজি) নেতা মাওলানা আবদুস সালাম, মুফতি আবদুল হান্নান, হাফেজ আবু তাহের, মুফতি মনির উদ্দিন, মাওলানা ইদ্রিস আলী, মুফতি আবদুর রউফ, মফিজুর রহমান ওরফে অভি ও শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল, আরিফ হাসান ওরফে সুমন, নারায়ণগঞ্জের শাহাদাত হোসেন জুয়েল, ভারতীয় জঙ্গি ও লস্কর-ই-তাইয়েবার নেতা মাওলানা ওবায়দুল্লাহ, মনসুর আলী এবং রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার বিএনপির নেতা ও ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলামকে গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এঁদের মধ্যে আবু তাহের, মনির, ইদ্রিস এ মামলায় জামিন লাভ করেছেন। তাহের অন্য মামলায় গ্রেপ্তার থাকলেও বাকি দুজন গা-ঢাকা দিয়েছেন।তদন্ত কর্মকর্তা আরও জানান, ভারতের তিহার কারাগারে আটক দুই বাংলাদেশি সহদোর জঙ্গি মুরসালিন ও মুত্তাকিনকেও সিপিবির সমাবেশে বোমা হামলায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এই দুজন ২১ আগস্ট গ্রেনেড হামলারও আসামি। তিনি বলেন, ‘আমরা জোর চেষ্টা করছি মামলাটির তদন্ত শেষ করে আসামিদের বিচারের মুখোমুখি করতে।’ আদালত সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।এদিকে এই বোমা হামলার নবম বার্ষিকী উপলক্ষে আজ বুধবার বেলা ১১টায় পল্টন ময়দানে বোমা বিস্ফোরণস্থলে নিহতদের স্মরণে অস্থায়ী বেদিতে শ্রদ্ধা জানাবে সিপিবিসহ বিভিন্ন সংগঠন।