নয় মাসে ৬৫৮টি প্রতিষ্ঠানকে ৬০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত অভিযানের ফলে জনগণের মধ্যে সচেতনতা বেড়েছে। এ ছাড়া ব্যবসায়ীরাও আগের তুলনায় সতর্ক হয়েছেন। গতকাল বুধবার জাতীয় ভোক্তা অধিদপ্তরের সম্মেলনকক্ষে পঞ্চম সভায় এ তথ্য জানানো হয়। এ সময় জানানো হয়, গত বছরের ৬ এপ্রিল থেকে চলতি বছরের ১৩ জানুয়ারি পর্যন্ত প্রায় নয় মাসে রাজধানীতে ৭১টি অভিযান চালানো হয়েছে। এর মধ্যে ১১২টি বাজারের ৬৫৮টি প্রতিষ্ঠানকে ৫৯ লাখ ৬৮ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। সভায় জানানো হয়, আগে অনেক পণ্যের মোড়কের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ উল্লেখ থাকত না। কিন্তু অভিযান চালানোর পর বেশ কিছু পণ্যের মোড়কের গায়ে এসব তথ্য দেখা যাচ্ছে। আগামী ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বেশ কিছু সিদ্ধান্ত গতকালের সভায় নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, সেমিনার, দিবসের প্রতিপাদ্য নিয়ে প্রবন্ধ লেখা ও উপস্থাপন, অধিদপ্তরের কার্যক্রম নিয়ে পত্রপত্রিকায় ফিচার প্রকাশ, টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান, রাজধানীসহ সারা দেশের জেলা পর্যায়ে প্রচারপত্র ও লিফলেট বিতরণ প্রভৃতি।সভায় বলা হয়, বাজারে অভিযানের সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুচরা ব্যবসায়ীদের পাশাপাশি প্রস্তুতকারক পর্যায়েও অভিযান চালাতে হবে। এ ধরনের অভিযানে মোটা অঙ্কের টাকা জরিমানা করার ওপর জোর দিতে হবে। অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুসারে আগামী তিন মাসের মধ্যে অধিদপ্তরের জনবল নিয়োগ ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা গ্রহণ করে প্রতিষ্ঠানকে শক্তিশালী করার সিদ্ধান্ত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-কে আরও উন্নত করার বিষয়ে সভায় আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের চেয়ারম্যান ও বাণিজ্যমন্ত্রী ফারুক খান। এ সময় বাণিজ্যসচিব গোলাম হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা, বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, উত্তরা বিশ্ববিদ্যালয়ের ডিন ইয়াসমিন আরা, ক্যাবের সভাপতি কাজী ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিম রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।