নয়জনের স্বজন বুঝে পেল প্রিয়জনের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোর বয়সেই সংসারের হাল ধরতে হয় বিল্লাল হোসেনকে (২৭)। লেখাপড়া তেমন করতে পারেননি। সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় জমিজমা বিক্রি করে ১১ মাস আগে পাড়ি জমান লিবিয়ায়। কিন্তু সে স্বপ্ন আর পূরণ হলো না, বিল্লাল ফিরে এলেন লাশ হয়ে।রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ চত্বরে ভাইয়ের লাশ নিতে এসে বিল্লালের বোন আয়েশা আক্তার এভাবেই কথাগুলো বলছিলেন। আয়েশা জানালেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাঁরা এখন দিশেহারা।বিল্লালসহ মোট নয়জনের লাশ গতকাল পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়। এই নয়জনসহ মোট ১৪ জন বাংলাদেশি জাহাজে চড়ে ত্রিপোলি থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। এঁদের মধ্যে ১৩ জনের লাশ পাওয়া যায়।বিএমইটির পরিচালক (কল্যাণ) মাফরুহা সুলতানা প্রথম আলোকে বলেন, লাশগুলো দেশে আনতে ৩০ হাজার ইউরো খরচ হয়েছে। লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করার সময় দাফন বাবদ প্রত্যেক পরিবারকে ৩৫ হাজার টাকার একটি চেক ও অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়া হয়েছে।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক হজরত আলী প্রথম আলোকে জানান, মঙ্গলবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত ১০টি লাশের মধ্যে নয়টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি লাশ শনাক্ত হয়নি। এটি আগামী দুদিন রাখা হবে। পরে তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাফন করা হবে।ছেলে রঞ্জিতের লাশ নিতে গতকাল হাসপাতালে এসেছিলেন মা আরতি রানি। তিনি জানান, দেশে রঞ্জিত কাঠমিস্ত্রির কাজ করতেন। পরে বিদেশ যাওয়ার জন্য মনস্থির করেন। গ্রামের জমিজমা ও ভিটেমাটি বিক্রি করে দুই বছর আগে লিবিয়া যান। রঞ্জিতের ইচ্ছা ছিল, ছোট ভাই অপু সূত্রধরকে লেখাপড়া করিয়ে বড় করবেন। কিন্তু তা আর হলো না।আরিফ হোসেনের লাশ নিতে আসা মা লুৎফা বেগম জানান, দুই লাখ ২০ হাজার টাকা খরচ করে আরিফ বিদেশ যান। দুই দফা ৭০ হাজার টাকা কিস্তি ও ভিটেমাটি বন্ধক রেখে আরিফকে বিদেশ পাঠানো হয়। দুই ভাই ও এক বোনের মধ্যে আরিফ বড়। ছোট ভাই শরিফ হোসেন নবম শ্রেণী ও বোন শিউলী আক্তার অষ্টম শ্রেণীতে পড়ে। এখন তাদের পরিবারে উপার্জনক্ষম কেউ নেই।রুহুল আমিনের লাশ নিতে এসেছিলেন ভাই সানোয়ার হোসেন। তিনি জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর প্রায় ১১ মাস আগে রুহুল আমিন লিবিয়া যান। অভাবের সংসার। তাই ধারদেনা করে এক লাখ ৬০ হাজার টাকা ব্যয় করে বিদেশ পাঠানো হয়। তিন ভাই এক বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। তাঁর বাবার নাম মাজির উদ্দিন। গ্রামের বাড়ি নরসিংদী জেলার পলাশ থানার সিন্দুর গ্রামে।ভীম কুমার পালের মরদেহ নিতে আসেন ভাই মুদি দোকানের কর্মচারী সুমন কুমার পাল। তিনি জানান, ১১ মাস আগে দুই লাখ ৮৫ হাজার টাকা ব্যয় করে ভীম কুমার লিবিয়া যান। বিদেশ যাওয়ার সময় জমি বিক্রি, স্বর্ণালংকার বন্ধক ও ধারদেনা করে যান। বিদেশ যাওয়ার পর ৮০ হাজার টাকা পাঠান। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি বড় ছিলেন। তাঁদের বাবার নাম সিয়াম পদ পাল। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার চড়ারচর গ্রামে। সম্রাটের লাশ নিতে আসা চাচা শাহজাহান জানান, বাবার তিন বিঘা জমি বন্ধক দিয়ে সম্রাট বিদেশ যান। দুই ভাই এক বোনের মধ্যে তিনি বড় ছিলেন। তাঁর বাবার নাম ইউনুছ মাতব্বর। গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে। নিহত সফিউল আজমের লাশ নিতে আসেন মামা আহসান উল্লাহ। তিনি জানান, সফিউল ছিলেন পরিবারের প্রধান কর্মক্ষম ব্যক্তি। তাঁর মৃত্যুতে পরিবারের সবাই দিশেহারা। পাঁচ ভাই পাঁচ বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন। তাঁর বাবার নাম মোহাম্মদ আবদুল আজিজ। তিনি সাভারের ব্যাংক কলোনি এলাকায় থাকেন।নিহত রুবেলের ভগ্নিপতি মাসুদ আলম জানান, রুবেল টেম্পো চালাতেন। তিনি ধারদেনা করে প্রায় দেড় বছর আগে বিদেশ যান। তাঁর বাবার নাম মৃত হেদায়েত উল্লাহ। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি বড় ছিলেন। তাঁদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল থানার মানিকপুর গ্রামে। ফরিদ হোসেনের লাশ নিতে আসেন ভাই আমিনুল ইসলাম। তিনি জানান, ধারদেনা করে ফরিদ বিদেশ যান। তিন ভাই দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। তাঁদের বাবার নাম আলিম উদ্দিন। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বসুন্দা গ্রামে। লাশগুলো হস্তান্তরের সময় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ, মিটফোর্ড হাসপাতালের পরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কয়েকজন কর্মকর্তা, জেলা প্রশাসক কার্যালয়ের একজন ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।