নয়টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদন না নিয়ে পণ্য উৎপাদন ও বিপণন, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং ত্রুটিপূর্ণ ওজন পরিমাপক যন্ত্রে কেনাবেচা করার দায়ে বিএসটিআইয়ের ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার নয়টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন। বিএসটিআইয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুটি ভিন্ন আদালত গতকাল ঢাকার দুটি ও নারায়ণগঞ্জের সাতটি প্রতিষ্ঠানে অভিযান চালান। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৮০ হাজার ও অন্য একটি প্রতিষ্ঠানকে সর্বনিম্ন এক হাজার টাকা জরিমানা করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ বা নবায়ন না করে মধু ও ঘি বিক্রির দায়ে ১২৩/১০ নিউ কাকরাইলের খুলনা মধু ঘরকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে ৩০৯ পূর্ব গোড়ানের মেসার্স বাঘাবাড়ী গাওয়া ঘিকে জরিমানা করা হয় ২০ হাজার টাকা।নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও বিপণনের দায়ে নারায়ণগঞ্জের ফতুল্লা বাজারের আদি গন্ধেশ্বরী মিষ্টি ভান্ডার, গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডার, পাগলাবাজারের পাগলাবাজার মিষ্টান্ন ভান্ডার, শিলা হোস্টেল, ইস্রাফিল স্টোর প্রভৃতি প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়।