রাজধানী ঢাকায় দৈনিক নয়া দিগন্ত কার্যালয়ের ছাপাখানা, কাগজের গুদামঘর ও পত্রিকাটির গাড়িতে আগুন দেওয়াসহ দেশের বিভিন্ন স্থানে আমার দেশ, সংগ্রাম, নয়া দিগন্ত পত্রিকার কপিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব পত্রিকা বিক্রিতে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে।সাংবাদিক সংগঠন ও ইউনিয়নগুলোর মধ্যে বিএনপি-জামায়াত সমর্থক বলে পরিচিত নেতারা গতকাল মঙ্গলবার এবং এর আগে গণমাধ্যমের ওপর সংঘটিত কয়েকটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে সাত-আটজন সশস্ত্র ব্যক্তি মতিঝিলের ইনার সার্কুলার রোডে দৈনিক নয়া দিগন্ত কার্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। গাড়িটি ভস্মীভূত হয়ে যায়। মাইক্রোবাসের আগুন নয়াদিগন্ত কার্যালয়ের নিচতলায় ছাপাখানার কাগজে ছড়িয়ে পড়ে। পরে নয়া দিগন্ত পত্রিকার কর্মচারী ও স্থানীয় লোকজন মিলে আগুন নেভাতে সক্ষম হন। এতে ১০-১২ টন কাগজ পুড়ে যায় বলে পত্রিকা কর্তৃপক্ষ সূত্র জানায়। নয়া দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে ভবন থেকে আমাদের নামার উপায় ছিল না, প্রাণে বাঁচাও যেত না।’ঘটনার কিছু সময় পর পুলিশ ও ডিবি নয়া দিগন্ত কার্যালয়ের সামনে আসে। বিকেলে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসানের নেতৃত্ব পুলিশ নয়া দিগন্ত কার্যালয়ে তল্লাশি চালায়। জানতে চাইলে মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, নাশকতার সঙ্গে জড়িত জামায়াত-শিবিরের কিছু কর্মী এবং কয়েকজন অভিযুক্ত ব্যক্তি সেখানে আশ্রয় নিয়েছে, এ খবরের ভিত্তিতে তল্লাশি চালানো হয়।বিকেল চারটার দিকে জুরাইন এলাকায় নয়া দিগন্ত-এর কাগজের গুদামে আগুন দেওয়া হয়। এতে বেশ কয়েক টন কাগজ পুড়ে যায়। এ ছাড়া গতকাল রংপুর ও ময়মনসিংহ শহরে আমার দেশ, সংগ্রাম, নয়া দিগন্ত ও ইনকিলাব পত্রিকার কপিতে অগ্নিসংযোগ করা হয়। লালমনিরহাটে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে।সাংবাদিক নেতাদের বিবৃতি: সাংবাদিক সংগঠন ও ইউনিয়নগুলোর বিএনপি-জামায়াত সমর্থক নেতারা এক যৌথ বিবৃতিতে গণমাধ্যমের ওপর এ হামলা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। এর প্রতিবাদে আজ বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিএফইউজে ও ডিইউজের একাংশ সমাবেশ ডেকেছে।বিবৃতিতে বলা হয়, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে যে আন্দোলন চলছে, তার সূত্র ধরে গতকাল গণমাধ্যমে আক্রমণের যে আলামত লক্ষ করা যাচ্ছে, তা সংবাদপত্রের স্বাধীনতা, মুক্তচিন্তার বিকাশ এবং গণতন্ত্রের প্রতি আঘাতস্বরূপ।কারওয়ান বাজারে হামলা, এনটিভি ও আরটিভির গাড়ি ভাঙচুর এবং নয়া দিগন্ত পত্রিকার ছাপাখানা, জুরাইনে কাগজের গুদাম ও গাড়িতে আগুন দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে দৈনিক সংগ্রাম, আমার দেশ, নয়া দিগন্ত ও ইনকিলাব পত্রিকার কপি পোড়ানো হয়েছে। এসব পত্রিকা বিক্রিতে ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে। দিগন্ত টেলিভিশন দেখা বন্ধ করে দিতে কেব্ল অপারেটরদের ওপর চাপ দেওয়া হচ্ছে।বিবৃতিতে সই করেন বিএফইউজে একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, ডিইউজের সভাপতি আবদুস শহীদ, সাধারণ সম্পাদক বাকের হোসাইন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান।