পৌর নির্বাচনে মন্ত্রী–প্রতিমন্ত্রীদের প্রচারের সুযোগ
পক্ষে আ.লীগ বিপক্ষে বিএনপি জাতীয় পার্টি
পৌরসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীদের অংশগ্রহণের সুযোগ রাখার প্রস্তাবের বিপক্ষে বিএনপি। দলটি মনে করে, সরকার-সমর্থিত প্রার্থীদের জয় নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের শরিক জাতীয় পার্টির (জাপা) নেতারাও বলছেন, এই আচরণবিধি কার্যকর হলে সব প্রার্থীর জন্য সমান সুযোগ থাকবে না।
তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় একজন নেতা বলেছেন, সরকারি সুবিধা বাদ দিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা নির্বাচনী প্রচারণা চালালে তাতে সমস্যা হবে বলে মনে হয় না।
এদিকে এই প্রস্তাবকে কেন্দ্র করে নির্বাচন কমিশনেই প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কারণ, নির্বাচন কমিশন সচিবালয় আচরণবিধিতে এই সুযোগ না রাখার পক্ষে মত দিয়েছিল। কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, তা-ও সর্বসম্মত নয়। নির্বাচন কমিশন সচিবালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
বিএনপি পৌর নির্বাচনের প্রস্তাবিত এই আচরণবিধি নিয়ে শঙ্কিত। দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীরা প্রচারে নামলে স্বাভাবিকভাবেই তা নির্বাচনের ফলে প্রভাব ফেলবে। সরকার-সমর্থিত প্রার্থীদের জয় নিশ্চিত করতে কমিশন এই বিধান করেছে। আচরণবিধি গেজেট আকারে প্রকাশের পর বিএনপি এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।
কমিশনের চূড়ান্ত করা পৌর নির্বাচনের আচরণবিধিতে বলা হয়েছে, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সরকারি সুবিধা ব্যবহার না করে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন। অতি গুরুত্বপূর্ণ বলতে প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী বা তাঁদের সমমর্যাদার কোনো ব্যক্তি, সংসদ সদস্য ও সিটি করপোরেশনের মেয়রকে বোঝানো হয়েছে। তবে বিদ্যমান পৌর আইনে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এই সুযোগ নেই। এমনকি জাতীয় সংসদের উপনির্বাচনেও তা নেই।
জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ প্রথম আলোকে বলেন, সব ধরনের স্থানীয় নির্বাচন রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে অনুষ্ঠিত হবে। তাই মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সংসদ নির্বাচনের প্রচারে যেভাবে অংশ নিয়ে থাকেন, পৌর নির্বাচনেও একইভাবে অংশ নেবেন। বিধানটি গণপ্রতিনিধিত্ব আদেশের (সংসদ নির্বাচন আইন) আদলে করা হয়েছে। সংসদ নির্বাচনের আচরণবিধিতে বলা আছে, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রার্থী হলে নিজের পক্ষে বা অন্যের পক্ষে নির্বাচনী প্রচারে সরকারি যানবাহন, সরকারি প্রচারমাধ্যম বা অন্য কোনো সরকারি সুবিধা গ্রহণ করতে পারবেন না।
>‘মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সংসদ নির্বাচনের প্রচারে যেভাবে অংশ নিয়ে থাকেন, পৌর নির্বাচনেও একইভাবে অংশ নেবেন’
তবে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, সংসদ নির্বাচনের সময় একটি দল ক্ষমতায় থাকে। সেই দলের মন্ত্রী-প্রতিমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীও নির্বাচনে প্রার্থী হয়ে থাকেন। সুতরাং তাঁদের প্রচারে নামতেই হবে। কিন্তু স্থানীয় নির্বাচনে তো মন্ত্রীরা প্রার্থী নন। সুতরাং তাঁদের জন্য প্রচারের সুযোগ কেন রাখা হবে? এখন প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী যদি প্রচারে নামেন, তাঁরা কি প্রটোকল বা নিরাপত্তা ছাড়াই নামবেন?
পৌরসভা নির্বাচনের আচরণবিধি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করায় কমিশনের সমালোচনা করেছে জাপা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলগুলো মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রচারে অংশ নেওয়ার সুযোগ রাখার পক্ষে নয়। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আচরণবিধির গেজেট দেখে এ বিষয়ে মন্তব্য করবে।
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন—দুই পক্ষের জন্য নতুন পরিস্থিতি বিধায় কমিশন বিষয়টি নিয়ে আলোচনা করলে ভালো হতো বলে মনে করেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের। তিনি বলেন, নির্বাচনে মন্ত্রী-সাংসদদের বিশেষ করে মন্ত্রীদের প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ থাকলে তা অন্য প্রার্থীদের জন্য সমস্যা তৈরি করবে। এতে আচরণবিধি লঙ্ঘনের সুযোগও বেশি হবে।
জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আচরণবিধি গেজেট আকারে প্রকাশের পর এ বিষয়ে মন্তব্য করা যাবে। একই কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তিরা সরকারি সুবিধা বাদ দিয়ে নির্বাচনী প্রচারণায় নামলে কোনো সমস্যা হবে বলে মনে হয় না।
নির্বাচনে সবার সমান সুযোগ নিশ্চিত করতে মন্ত্রীদের বা সরকারি সুবিধাপ্রাপ্ত ব্যক্তিদের প্রচার-প্রচারণায় না আনাই ভালো বলে মন্তব্য করেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক বলেন, কমিশনের উচিত ছিল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে বিধিমালা ও আচরণবিধি তৈরি করা। কমিশন তা করেনি। মন্ত্রী ও সাংসদদের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার সুযোগে লাভ হবে কেবল ক্ষমতাসীন দলের।
কমিশন সচিবালয়ের শীর্ষ কয়েকজন কর্মকর্তা বলেন, কমিশন সচিবালয়ের প্রস্তাবে বলা হয়েছিল, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রচারে অংশ নেওয়ার সুযোগ রাখা হলে নির্বাচনে সবার জন্য সমান সুযোগের ক্ষেত্র নষ্ট হবে। ভোটারদের প্রলুব্ধ করে বাড়তি সুবিধা আদায় করে নেবেন সরকার-সমর্থিত প্রার্থীরা।