পচা আমের ঘন জুস দেখে ঈগলু ফুডসকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাংগাসযুক্ত পচা আমের বিপুল পরিমাণ ঘন জুস সংরক্ষণ করায় রাজধানীর শ্যামপুর বিসিক শিল্প এলাকার ঈগলু ফুডস লিমিটেডকে জরিমানা করেছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান চালান। অপর একটি আদালত রাজধানীর মোহাম্মদপুর এলাকার দুটি খাবার তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছেন। বিএসটিআই সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালত শ্যামপুর বিসিক শিল্প এলাকার ঈগলু ফুডস লিমিটেডের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালান। সেখানকার গুদামঘরে ২৭৭ ড্রাম পচা ঘন আমের জুস দেখতে পান আদালত। এ ছাড়া সেখানে পচা জলপাই ও পচা আম পাওয়া যায়। আদালত ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেন। ওই প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া লাচ্ছা সেমাই ও চাটনি তৈরি করছে বলেও প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে আদালত ওই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। ঈগলুর মালিকানাধীন মোনায়েম আইসক্রিম ও মিল্ক ইউনিটেও অভিযান চালানো হয়। সেখানকার উত্পাদনকক্ষে চার-পাঁচটি বালতির মধ্যে পচা আমের ঘন জুস দেখতে পান আদালত। আদালত ওই প্রতিষ্ঠানকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করেন।ঈগলু ফুড লিমিটেডের ব্যবস্থাপক নীরোধ বড়ুয়া প্রথম আলোকে বলেন, আমের ঘন জুসে কোনো ফাংগাস ছিল না। ইজি লাচ্ছা সেমাই তৈরিতে তাদের লাইসেন্স নেওয়া আছে। পরে ইজি নাম পরিবর্তন করে লাজিজা করার জন্য বিএসটিআইতে আবেদন করা হয়েছে। দু-এক দিনের মধ্যে লাইসেন্সটি হাতে পাওয়া যাবে। একই আদালত পরে কদমতলী এলাকার ম্যাটসন ফিলিং স্টেশন লিমিটেড নামক একটি তেলের পাম্পে অভিযান চালান। সেখানে ডিজেল ওজন দেওয়ার পর প্রতি ১০ লিটারে ২০০ মিলিলিটার তেল ওজনে কম পাওয়ার প্রমাণ পান আদালত। এই অপরাধে আদালত ওই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেন। আদালত ওই পাম্পের ডিজেলের ইউনিটও সিলগালা করে দেন। পরে আদালত জুরাইনের হাজি কফিল উদ্দিন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেন। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে সহায়তা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক কে এম হানিফ, মাঠ কর্মকর্তা এস এম আবু সাঈদ, সঞ্জয় কুমার ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।আরেকটি আদালত রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের মুসলিম সুইটস অ্যান্ড বিরিয়ানি হাউসে অভিযান চালান। ওই প্রতিষ্ঠান দই তৈরিতে বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে বাজারজাত করার অপরাধে আদালত ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া ওই প্রতিষ্ঠানের তৈরি বিস্কুট ও চানাচুরের প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য না লেখায় আদালত আরও ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত মোহাম্মদপুরের নতুন কাঁচাবাজারে হক ব্রেড অ্যান্ড ফুড প্লাজা নামক ছোট একটি প্রতিষ্ঠানে অভিযান চালান। দই তৈরিতে বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় আদালত ওই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।