পছন্দসই শাড়ির খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের জন্য চাই নতুন শাড়ি। নিজের পছন্দের শাড়িটি খুঁজে পেতে চলছে বারবার দেখাদেখি। ধানমন্ডির একটি শপিং সেন্টারে গতকাল শাড়ি দেখছেন ক্রেতারা l ছবি: প্রথম আলো
ঈদের জন্য চাই নতুন শাড়ি। নিজের পছন্দের শাড়িটি খুঁজে পেতে চলছে বারবার দেখাদেখি। ধানমন্ডির একটি শপিং সেন্টারে গতকাল শাড়ি দেখছেন ক্রেতারা l ছবি: প্রথম আলো

একজন মেহেদিপাতার রঙের শাড়ি কিনবেন। মিরপুর রোডে রাপা প্লাজার একটি দোকানে বিক্রয়কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন সেই মেহেদি রঙের শাড়ি খুঁজে বের করার। এ মার্কেটেরই ময়ূরী নামক শাড়ির দোকানে মিরপুর থেকে আসা মুশফিকা আহমেদের একটি শাড়ি পছন্দ হয়েও হচ্ছে না। শাড়ির রংটা কেমন যেন হলুদ। দোকানি বলেই ফেললেন, ‘বাপু রে এইটা কি হলুদ হইল’।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ঈদবাজারে প্রায় প্রতিটি শাড়ির দোকানে দেখা গেল, বিক্রেতারা বিভিন্নভাবে শাড়ি গায়ে জড়িয়ে দেখাচ্ছেন ক্রেতাদের। দেখাতে দেখাতে কারও কারও সামনে শাড়ির জট লেগে গেছে। অন্যদিকে ক্রেতাদের ভাবনা হলো ঈদ বলে কথা, শাড়িটা হওয়া চাই সব থেকে সুন্দর। শাড়ির জমিন পছন্দ হলে পাড়টা পছন্দ হচ্ছে না। আঁচলটা সুন্দর, কিন্তু রংটা ভালো হয়নি। দোকানের মধ্যে থাকা লুকিং গ্লাসে নিজের গায়ে শাড়ি জড়ানোর পর অাবার কেউ কেউ মত পাল্টাচ্ছেন। গায়ের সঙ্গে শাড়িটা ঠিক যাচ্ছে না।
আড়ং, নবরূপা, বাংলার শোভা, রঙ, অঞ্জন’স, প্রাইড, নগরদোলা, সাদাকালো, নীল আঁচল, জ্যোতিসহ বিভিন্ন শাড়ির দোকান ঘুরে দেখা গেল সব ধরনের ক্রেতার চাহিদার কথা চিন্তা করেই শাড়ি সাজিয়ে রাখা হয়েছে। দেশীয় শাড়ির পাশাপাশি অনেকে ঈদ-ক্রেতাদের হাতে রাখতে ভারতের শাড়িও শেলফে রেখেছেন। কোনো কোনো দোকানে ভারতের শাড়িরই প্রাধান্য।
বেশির ভাগ শাড়ির বিক্রেতা এখনো ঠিক খুশি হতে পারছেন না বেচাকেনা নিয়ে। একজন বিক্রেতা বলেন, ‘বেচব আর কেমনে। একেকজন খালি দ্যাখে আর দ্যাখে। এক শাড়ি কিনতে গিয়াই তো জীবন শেষ কইরা ফালাইতাছে।’
তবে আসাদগেট আড়ংয়ের বিক্রয়কর্মী নার্গিস শিরীন আক্তার বিক্রি নিয়ে খুশি। তিনি জানালেন, এখন দিনে গড়ে কম করে হলেও ৪০০ শাড়ি বিক্রি হচ্ছে। সামনে সংখ্যাটি অনেক বাড়বে।
আড়ং এবার ঈদ-ক্রেতাদের কথা চিন্তা করে ব্র্যাক সিল্ক, মসলিন, সিরাজগঞ্জ ও পাবনার অপরা কাতান, জুট কাতান, এন্ডি সিল্ক, বালুচরি, সম্বলপুরী, সিল্কের মধ্যে ভেজিটেবল ডাই, এমব্রয়ডারি, অ্যাপলিক, কাঁথাস্টিচ, কোটা সিল্ক, বয়স্কদের জন্য সাদা সুতি শাড়ি, প্লেন কটন, বুটি শাড়িসহ হরেক রকমের শাড়ি এনেছে। ১২০ সুতার পেস্ট রঙের একটি জামদানির দাম রাখা হয়েছে ৪৫ হাজার টাকা। কাপড়ের ধরন ও কাজ অনুযায়ী অন্য শাড়ির বিভিন্ন দাম রাখা হয়েছে।
বিভিন্ন দোকানের শাড়িতে এবার জামদানিতে লেস পাড় বসিয়ে, মসলিন বা অন্য কাপড়ের শাড়িতে কাটওয়ার্ক, প্যাচওয়ার্কের কাজ, পাড়ে মখমলের লেস, আঁচলে টাসেল লাগিয়ে নতুনত্ব আনার চেষ্টা চালানো হয়েছে। বিক্রেতারা জানালেন, এবার ঈদে ব্লু, ভায়োলেট, ম্যাজেন্টা, বটলগ্রিন, সি গ্রিন, কমলা, জাম রংসহ গাঢ় রংগুলো বেশি ক্রেতাদের আকৃষ্ট করছে।
গাজীপুর থেকে আসা ব্যবসায়ী আবুল হোসেন জানালেন, বাচ্চা ছোট থাকায় স্ত্রীকে সঙ্গে আনতে পারেননি। স্ত্রী শুধু বলে দিয়েছে তাঁর এবার ‘সফট’ শাড়ি লাগবে। স্ত্রীর যদি শাড়ি পছন্দ না হয় এ প্রশ্নে তিনি বলেন, ‘পছন্দ তো হবেই।’ নবরূপার বিক্রয়কর্মীরাও আশ্বাস দিয়ে জানালেন, অন্য কোনো জায়গায় সুযোগ না থাকলেও এখানে এক সপ্তাহের মধ্যে পোশাক পরিবর্তন করার সুযোগ আছে।
প্রাইডের বিভিন্ন শোরুমে ক্রেতারা সর্বনিম্ন ৫৮০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের সুতি শাড়ি কেনার সুযোগ পাচ্ছেন। বসুন্ধরা সিটিতে দেশীদশের ‘সাদাকালো’ থেকে শাড়ি কিনে ক্রেতারা সেখান থেকেই সাদা-কালো কাপড়ের বাহারি নকশার ব্লাউজও কিনতে পারছেন।
কাঞ্জিভরম, সাউথ কাতান, চেন্নাই কাতান, গাদোয়াল, খাড্ডি কাতান, জর্জেট বেনারসি, তন্তুজ কটনসহ ভারতের বিভিন্ন শাড়িও ক্রেতাদের ঈদ উপলক্ষে কিনতে দেখা গেল। জ্যোতি শাড়ির দোকানের ব্যবস্থাপক জহিরুল ইসলাম লাল বেনারসি শাড়িতে বিভিন্ন স্টোনের কাজ করা প্রায় চার কেজি ওজনের একটি শাড়ি দেখিয়ে জানালেন, শাড়িটির দাম ৮০ হাজার টাকা। এ ছাড়া এই দোকানে এক হাজার টাকা দামের ভারতের কাতানও বিক্রি হচ্ছে।
দেশীয় বুটিক অঞ্জন’স-এর প্রধান নির্বাহী এবং ডিজাইনার শাহীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘একসময় ভারত থেকে শুধু এক্সক্লুসিভ শাড়িগুলো বাংলাদেশে আসত। কয়েক বছর ধরে সব ধরনের শাড়ি আসা শুরু হয়েছে। বাজারে ভারতের শাড়ি না থাকলে দেশীয় শাড়ির চাহিদা আরও বাড়ত। সরকারকে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থে নীতিমালা করতে হবে।’
ঈদবাজার নিয়ে একেবারে হতাশ নন শাহীন আহমেদ। তিনি বলেন, ‘ক্রেতারা ভারতের ঝলমলে শাড়ি নেড়েচেড়ে দেখেন। বাজেট, রুচি, পছন্দের বিচারে শেষ পর্যন্ত ক্রেতারা দেশীয় শাড়িই বেশি কেনেন।’
শৌখিন ক্রেতাদের হাতে এখনো সময় আছে। তাঁরা চাঁদরাত পর্যন্ত পছন্দের শাড়ি কেনার জন্য মিরপুরের বেনারসি পল্লি, বেইলি রোডের শাড়ির দোকানসহ বিভিন্ন জায়গায় চষে বেড়াবেন।