পঞ্চদশ সংশোধনী দেশকে সংকটে ফেলতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চদশ সংশোধনী দেশকে সংকটের দিকে ঠেলে দিতে পারে। সরকার আদালতের অজুহাত দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে। আবার আদালতের রায় উপেক্ষা করে রাষ্ট্রধর্ম বহাল রাখা হয়েছে। গত রোববার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন।পঞ্চদশ সংশোধনীকে জঘন্য কাজ উল্লেখ করে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল হোসেন বলেন, সংবিধানের অসামঞ্জস্যগুলো খুঁজে নিতে হবে এবং স্বাধীনতার চেতনায় সংবিধান সংশোধনের জন্য একটি পিপলস কমিশন গঠন করতে হবে। তিনি আরও বলেন, যোগ্য বিচারপতি নিয়োগ দিতে হবে। নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসনকে দলনিরপেক্ষ করতে হবে, যাতে তারা সরকারের আজ্ঞাবহ না হয়।অনুষ্ঠানের সঞ্চালক এম হাফিজউদ্দিন খান রাষ্ট্রপতি নির্বাচনব্যবস্থায় পরিবর্তন আনার প্রস্তাব করেন। তিনি বলেন, সুশাসনের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে।আইনবিদ শাহ্দীন মালিক বলেন, ‘পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদের ভালো একটি সংবিধানকে অপ্রয়োগযোগ্য করে ফেলা হয়েছে। এই সংশোধনী সমাজকে অস্থিতিশীল করে তুলতে পারে।’ সৈয়দ আবুল মকসুদ বলেন, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানের আন্দোলন করতে হবে।অনুষ্ঠানের মূল প্রবন্ধে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার আগেই সংক্ষিপ্ত রায়ের অজুহাতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়েছে। অন্যদিকে রাষ্ট্রধর্মের বিধানসম্পর্কিত অষ্টম সংশোধনী আদালত বাতিল করলেও সরকার সংবিধানে রাষ্ট্রধর্ম বহাল রেখেছে। সংবিধানের এসব অসংগতি দেশের জন্য সংকট বয়ে আনতে পারে।প্রধানমন্ত্রীর একক কর্তৃত্বকে সংবিধানের বড় দুর্বলতা হিসেবে উল্লেখ করে মিজানুর রহমান খান বলেন, মন্ত্রিপরিষদের ওপর প্রধানমন্ত্রীর সর্বময় ক্ষমতা সুশাসনের অন্তরায়।গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন মাহমুদুর রহমান মান্না, অধ্যাপক আসিফ নজরুল, হুমায়ুন কবির, রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।