পঞ্চদশ সংশোধনীর ফলে ধর্মভিত্তিক দলের অধিকার প্রতিষ্ঠা হয়েছে
সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের অধিকার প্রতিষ্ঠা করেছে। গতকাল রোববার বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটি আয়োজিত গণ-অনশন কর্মসূচির অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে সংবিধান বিল পাস হয়েছিল। গতকাল ছিল সংবিধান প্রণয়নের ৪০তম বার্ষিকী। এ দিবস উপলক্ষে সংবিধান থেকে সাম্প্রদায়িক ধারা বাতিল, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, যুদ্ধাপরাধীদের বিচারকাজ গতিশীল করা এবং রামু, উখিয়া ও পটিয়াতে সাম্প্রদায়িক হামলাকারীদের বিচারের দাবিতে গণ-অনশন কর্মসূচির আয়োজন করে জাতীয় কমিটি। জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই কর্মসূচি চলে। এতে জাতীয় কমিটির আহ্বায়ক কামাল লোহানী বলেন, ‘বাহাত্তরের সংবিধান বিশ্বের অন্যতম উন্নত সংবিধান। জিয়া-এরশাদ সংশোধনের মাধ্যমে এই সংবিধানের চেতনাকে নষ্ট করেছেন। এখন সংবিধানে বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মনিরপেক্ষতা—সবই বহাল আছে। এই সংশোধনীর মাধ্যমে সরকার মৌলবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করেছে। এভাবে ধর্মভিত্তিক দল রক্ষা করে দেশ কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে না।’ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন বলেন, পঞ্চদশ সংশোধনীর কারণে বর্তমানের সংবিধান স্ববিরোধী। ধর্মনিরপেক্ষতার সঙ্গে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্থান দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ধর্মভিত্তিক দলের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘সংবিধান সংশোধন করে বলা হয়েছে, সংসদ বহাল রেখে নির্বাচন হবে। আবার আদালত বলেছেন, নির্বাচনের ৪২ দিন আগে সংসদ ভেঙে দিতে হবে। সংবিধান সংশোধনের মাধ্যমে এই বৈপরীত্যের অবসান করতে হবে।’ তিনি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়ে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হয়েছিল। বর্তমান সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জামায়াতের রাজনীতিকে বৈধতা দিয়েছে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোশতাক আহমেদ, সদস্যসচিব অধ্যাপক বদিউর রহমান, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান, সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ, জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার প্রমুখ।