পঞ্চবার্ষিক পরিকল্পনায় অভিবাসন খাতের অন্তর্ভুক্তি দাবি
বাংলাদেশের অর্থনীতি টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা। কিন্তু এই প্রবাসীরা সব ক্ষেত্রে অবহেলার শিকার। এ পরিপ্রেক্ষিতে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় অভিবাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করতে হবে। ‘৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় অভিবাসন বিষয় অন্তর্ভুক্তি’ শীর্ষক জাতীয় সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে এই সেমিনারের আয়োজন করে বেসরকারি সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেরটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট—আরএমএমআরইউ। অনুষ্ঠানে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের বিনিয়োগ ছাড়াই বাংলাদেশ থেকে ৭০ লাখ লোক বিদেশে গেছে। তারা আজ দেশের সম্পদ। তিনি বলেন, একজন শ্রমিকের বিদেশে যেতে দুই থেকে আড়াই লাখ টাকা ব্যয় হয়, এটি গ্রহণযোগ্য নয়। অভিবাসন খরচ না কমালে শ্রমবাজারে এর নেতিবাচক প্রভাব পড়বে। এ ব্যাপারে নীতিমালা তৈরির কথা বলেন তিনি। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান আহমেদ বলেন, বৈদেশিক ঋণ নয়, প্রবাসীরাই এখন অর্থনীতি বাঁচিয়ে রাখছে। তিনি বলেন, প্রবাসীদের যথাযথ মর্যাদা দেওয়া উচিত।