পঞ্চম সংশোধনী বাতিলের রায়কে স্বাগত জানিয়েছে কয়েকটি সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের রায়কে স্বাগত জানিয়েছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। পৃথক বিবৃতিতে গতকাল বুধবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এই রায়ের মাধ্যমে দেশে মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। সামরিক শাসনের কুফল থেকে জাতি মুক্ত হওয়ার সুযোগ পেল। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনে করে, এই রায়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার বিশাল সুযোগ সৃষ্টি হলো। পার্টির সভাপতি মনজরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এ বিষয়েএক বিবৃতি দেন।বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ এই রায়কে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলে, এর মাধ্যমে সংবিধান পুনঃজীবিত হলো। কর্মজীবী নারীর সভাপতি শিরীন আখতার ও সাধারণ সম্পাদক শারমিন কবীর এক যৌথ বিবৃতিতে বলেন, সামরিক শাসন জারি করে দেশে যে বিভাজন সৃষ্টি হয়েছিল, এই রায়ে প্রমাণিত হলো সেটি অবৈধ। পঞ্চম সংশোধনী বাতিলের রায় স্বাগত জানিয়ে এছাড়াও বিবৃতি দিয়েছে বঙ্গবন্ধু স্মৃতি সংরক্ষণ পরিষদ ও জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট।