পথ ভুলে নগরে গন্ধগোকুল
লন্ডনের মতো বিশ্বের অন্যতম বৃহৎ মহানগরে কয়েক হাজার শেয়ালের বসবাস থাকলেও লোক আর দালানকোঠায় গিজগিজ ঢাকা থেকে শেয়াল বা এ-জাতীয় ছোটখাটো জীবজন্তু বিতাড়িত হয়েছে বহু আগেই। রাজধানীর প্রান্তে এখনো রয়ে যাওয়া ছিটেফোঁটা খাল, জলা বা ঝোপঝাড়ের কোণঠাসা বাসিন্দারা পথ ভুলে বেরিয়ে পড়লে তাই নগরবাসীর মধ্যে রীতিমতো চাঞ্চল্য দেখা দেয়। সে রকমই এক ঘটনার জন্ম দিয়েছে একটি গন্ধগোকুল।ঘটনাস্থল রাজধানীর পূর্ব সীমানার দক্ষিণগাঁও জাওলাপাড়া। গত শুক্রবার একটি নির্মীয়মাণ বাড়ির ছাদে প্রাণীটি প্রথমে দেখতে পান দুই তরুণ জায়িদ আলী ও শাহিদ। প্রাণীটি দেখতে বনবেড়াল আর শেয়ালছানার মাঝামাঝি অবয়বের। প্রথমে ভয় পেলেও সামলে উঠে ওই দুজন তাড়া করে ধরে ফেলেন প্রাণীটি। তারপর লোহার একটি খাঁচায় পুরে রাস্তার পাশে রাখতেই শত শত মানুষের ভিড় জমে যায়। শাহিদ প্রথম আলো কার্যালয়ে টেলিফোন করে ‘অদ্ভুত রকম এক প্রাণীর’ সন্ধান পাওয়ার খবর জানালে যোগাযোগ করা হয় প্রধান বন্য প্রাণী সংরক্ষক তপন দের সঙ্গে। কৌতূহলী তপন দে ছুটে গেলেন ঘটনাস্থলে। সঙ্গে নেওয়া পুস্তিকার ছবির সঙ্গে মিলিয়ে দেখে জানালেন প্রাণীটির নাম গন্ধগোকুল বা চলতি বাংলায় খাটাশ। ইংরেজিতে সিভেট বা টডি ক্যাট। এটি ‘মাঝারি ভারতীয় সিভেট’ যার বৈজ্ঞানিক নাম প্যারাডোক্সুরাস হারমাফ্রোডিটাস। তপন দে আর তাঁর দল গন্ধগোকুলটি উদ্ধার করে প্রথমে আগারগাঁও বন বিভাগের কেন্দ্রীয় দপ্তরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে সন্ধ্যা নাগাদ ভাওয়াল জাতীয় উদ্যানে বন্য প্রাণী উদ্ধার কেন্দ্রে এটি হস্তান্তর করা হয়। গন্ধগোকুলের আকার সাধারণত ৫৩ সেন্টিমিটার, আর লেজের দৈর্ঘ্য হয় ৪৮ সেন্টিমিটার। ধূসর রঙের এই প্রাণীটির অন্ধকারে অন্য প্রাণীর গায়ের গন্ধ শুঁকে চিনতে পারার অসাধারণ ক্ষমতা রয়েছে। প্রায় পোলাও চালের মতো তীব্র গন্ধ ছড়িয়ে থাকে প্রাণীটি। একসময় এর শরীরের গন্ধ উৎপাদনকারী গ্রন্থি থেকে নিঃসৃত রস সুগন্ধি তৈরিতে ব্যবহূত হতো। বর্তমানে এর স্থান নিয়েছে কৃত্রিম বিকল্প।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোস্তফা ফিরোজ প্রথম আলোকে জানান, একসময় এটি গ্রামাঞ্চলের সর্বত্র দেখা গেলেও এখন এর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। দেখতে কিছুটা হিংস্র ধরনের হওয়ায় মানুষ এই প্রাণীটি দেখতে পেলেই পিটিয়ে মেরে ফেলে। অথচ ইঁদুর ও ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে এরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাটাশের খাদ্যের মধ্যে রয়েছে ইঁদুর, পোকামাকড় ও ফলমূল।ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) বিবেচনায় পৃথিবীর বিপন্ন প্রাণীর তালিকায় উঠে এসেছে এই প্রাণীটি। আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির সিভেটের বাস। এখন বাংলাদেশে এগুলোর দেখা মেলে ভাওয়াল, মধুপুর, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের জঙ্গলে।