পথচারী নারী ও নির্মাণশ্রমিকের মৃত্যু
রাজধানীর তেজগাঁও থানার শাহীনবাগে গতকাল শনিবার দুপুরে বাসের ধাক্কায় ফরিদা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। তেজগাঁও থানার এসআই আবদুল হাই বলেন, গতকাল দুপুর ১২টার দিকে শাহীনবাগে মহাখালী ফ্লাইওভারের ঢালুসংলগ্ন সড়ক পার হচ্ছিলেন ফরিদা। এ সময় গুলশান থেকে মিরপুরগামী আলীফ পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ বাসসহ চালক বাবুল হোসেনসকে (৩৫) আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এসআই বলেন, নিহত ফরিদা পরিবারের সঙ্গে পশ্চিম নাখালপাড়ায় থাকতেন। গ্রামের বাড়ি জামালপুরে। এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে খিলগাঁও থানার গোড়ানের দক্ষিণ বনশ্রী এলাকায় নির্মাণাধীন চারতলা ভবনের তৃতীয় তলা থেকে পড়ে মারা যান খোরশেদ আলী (৩০) নামের এক নির্মাণশ্রমিক। তাঁর গ্রামের বাড়ি শেরপুরে। বাবা সোহরাব মিয়া।