
শ্যামলী থেকে রিং রোড হয়ে মোহাম্মদপুর শিয়া মসজিদ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক। এ সড়কের ফুটপাতে থাকা অবৈধ দোকানপাট, ময়লার কনটেইনার, নির্মাণসামগ্রীর কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারীদের। অবৈধ স্থাপনার কারণে ফুটপাতের বদলে পথচারীদের হাঁটতে হচ্ছে মূল সড়ক দিয়ে।
গতকাল মঙ্গলবার দেখা যায়, ফুটপাতের পাশে থাকা দোকানপাটের নানান ধরনের জিনিসপত্র ফুটপাতজুড়ে রাখা হচ্ছে। রড, সিমেন্ট, টায়ার, প্লাস্টিকের দরজা ইত্যাদি রাখায় ফুটপাতে হাঁটার জায়গা নেই। কোথাও গড়ে উঠেছে চায়ের দোকান। জাপান গার্ডেন সিটির সামনের সড়কে ঢাকায় চলাচলকারী বাস রাখা আর এসব বাসের টিকিট বিক্রির কাউন্টার বসেছে ফুটপাতে।
রিং রোডের শুরুতেই বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ। স্কুলের প্রধান ফটকের পাশে, কলেজের দেয়াল ফুটপাত-সড়কজুড়ে ময়লা ফেলা হচ্ছে। শিক্ষার্থীদের চলাচলের পথে ভোগান্তিতে পড়তে হচ্ছে। কলেজের সীমানা দেয়ালের শেষ মাথায় ফুটপাতের ওপরে টিনের বেড়া দিয়ে গড়ে তোলা হয়েছে নির্মাণাধীন ভবনের শ্রমিকদের থাকার ঘর।
বর্তমানে যেখানে ময়লা ফেলা হচ্ছে তার পাশেই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ময়লা ফেলার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) করার জন্য নির্ধারণ করেছে। এই ট্রান্সফার স্টেশন করা হলে সড়ক, ফুটপাতে কোনো ময়লার কনটেইনার থাকবে না।
রিং রোডের একটি নির্মাণাধীন ভবনের সামনে ফুটপাত টিন দিয়ে ঘেরাও করে গড়ে তোলা হয়েছে অস্থায়ী দোকানপাট। দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, এক মাস আগে এসব দোকান ভাড়া দেওয়া হয়েছে। বর্তমানে ১০-১২টি দোকান আছে। দোকানের মধ্যে গাড়ি মেরামতের গ্যারেজ, হোটেল আছে।
শেখেরটেক ২ নম্বর এলাকার বাসিন্দা আতিক রহমান বলেন, ‘ফুটপাতের পাশের দোকানদারদের ভাব দেখলে মনে হয় দোকানের সঙ্গে ফুটপাতও ভাড়া নিছে। যেখানে খুশি মালপত্র রেখে দিছে। এমন অবস্থা—ফুটপাতে পথচারী ছাড়া সবই আছে।’
ভবন নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট মো. ওমর ফারুক বলেন, মসজিদ কমপ্লেক্স হিসেবে ভবনটি বানানো হচ্ছে। ভবন নির্মাণের শুরুর সময় সামনের ফুটপাত ঘেরাও দেওয়া হয়েছিল। এখন আনুষঙ্গিক কিছু খরচ মেটাতে কয়েকটি খুপরি দোকান করা হয়েছে। এগুলো স্থায়ী কিছু না। ভবনের দোতলার ছাদ ঢালাই দিলেই এগুলো সরিয়ে ফেলা হবে।
আদাবর থানার বিপরীত পাশের ফুটপাতের ওপরেই নির্মাণসামগ্রী রেখে ব৵বসা করা হতো। গতকাল দেখা যায়, ভাঙা ইটের টুকরো, বালু, সুরকি, বস্তায় ভরা ইটের গুঁড়া ছড়িয়ে-ছিটিয়ে আছে। দেখে মনে হয়, ব্যবসা গুটিয়ে ফেলেছেন। পাশের চায়ের দোকানে বসে থাকা মো. রশিদ একটি দোকান চালাতেন। তিনি বলেন, ‘কিছু লাগলে দেওয়া যাবে। ব্যবসা গুটাই নাই। ফুটপাতেও দোকান উচ্ছেদ করব—এমন কথা শুইনা কয়েক দিনের লিগা মালপত্র সরায় রাখছি।’
সড়কের পাশে আছে রড, সিমেন্ট, দরজা বিক্রির অনেকগুলো দোকান। এসব দোকানের সামগ্রী রাখা হয় ফুটপাতে। গাড়ি মেরামতের দোকানের অব্যবহৃত টায়ার, টায়ারে হাওয়া ভরার যন্ত্র রাখা হয়েছে ফুটপাতে। এ ছাড়া সড়কে থাকা রিকশা মেরামতের দোকানের সামগ্রীও রাখা হচ্ছে ফুটপাতে।
রিং রোডের পূর্ব অংশটুকু ডিএনসিসির ২৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ মাসের ১৯ তারিখ শ্যামলী থেকে শিয়া মসজিদ পর্যন্ত সড়কটির অবৈধ স্থাপনা উচ্ছেদ করার দিন নির্ধারিত আছে। অনেক দোকানদার ফুটপাতের ওপর ফ্রিজ রেখে ব্যবসা করছিলেন। তাঁদের থেকে ফুটপাতে ফ্রিজ রাখবেন না, এই মর্মে লিখিত নেওয়া হয়েছে।