পথশিশুদের জন্য রাত্রিকালীন নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবি জানিয়েছে বেসরকারি গবেষণাভিত্তিক সমাজ উন্নয়ন সংগঠন ইনসিডিন বাংলাদেশ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ইনসিডিন বাংলাদেশের অন্যতম নির্বাহী পরিচালক এ কে এম মুশতাক আলী। লিখিত বক্তব্যে তিনি পথশিশুদের রাত্রিকালীন নিরাপদ আশ্রয়কেন্দ্র নির্মাণের অঙ্গীকার বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ইতিমধ্যে সরকার এ কাজের জন্য ৫ দশমিক ৬৭ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়ে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আন্তরিকতার পরিচয় দিয়েছে। তবে এ আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ অবিলম্বে শুরু করা প্রয়োজন। ইনসিডিন বাংলাদেশের অপর নির্বাহী পরিচালক রতন সরকার বলেন, শুধু নিরাপদ আশ্রয়কেন্দ্র স্থাপন করেই পথশিশুদের মানবিক জীবনের নিশ্চয়তা প্রদান করা যায়। সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য নাসিমুল আহসান, দিপু হাসান, আমিনুল ইসলাম, তাজনিন মেরিন, রকিবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।