পথে পথে ‘বকশিশ’ আদায়ের অভিযোগ পশু-বিক্রেতাদের
ফরিদপুরের আটরশি থেকে ২২টি গরু নিয়ে পূর্ব ধোলাইখালের সাদেক হোসেন খোকা মাঠে এসেছেন পশু বিক্রেতা জহিরুল ইসলাম। এ পর্যন্ত আসতে বিভিন্ন জায়গায় তাঁকে ‘বকশিশ’ দিতে হয়েছে এক হাজার ৮০০ টাকা। তাঁর অভিযোগ, নেতা পরিচয় দিয়ে কয়েকজন লোক ও পুলিশ তাঁদের কাছ থেকে এ টাকা নিয়েছে।গতকাল পুরান ঢাকার আরমানিটোলা-নয়াবাজার, পূর্ব ধোলাইখালের সাদেক হোসেন খোকা মাঠসহ কয়েকটি হাট ঘুরে জহিরুলের মতো অনেক ব্যবসায়ীর কাছ থেকে একই রকম অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ীরা বলছেন, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ রোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপের কথা বলা হলেও পথে পথে ‘বকশিশ’-এর নামে দেদার চলছে এ চাঁদাবাজি। ফলে বেশ হয়রানির শিকার হতে হচ্ছে তাঁদের।চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে গরু নিয়ে আরমানিটোলার হাটে এসেছেন ব্যবসায়ী মো. ইব্রাহিম। তিনি বলেন, এ পর্যন্ত আসতে তাঁকে ধাপে ধাপে পুলিশকে ৭০০ টাকা দিতে হয়েছে। ইব্রাহিম বলেন, ‘টাকা না দিলে হয়রানি করে। বলে, ‘টাকা দ্যান, নইলে গাড়ি সাইড করেন।’ পাশে পাবনা থেকে আসা আরেক ব্যবসায়ী আবু বকর বলেন, ‘টাকা না দিলে তো ভাই কাগজপত্রে ভুল আছে কইয়া আটকাইয়া দিব। তাই বাড়াবাড়ি না কইরা টাকা দিয়ে দেই।’ কত টাকা দিয়েছেন, জানতে চাইলে আবু বকর বলেন, ‘৬০০ টাকা।’ফরিদপুরের ভাঙ্গা এলাকার ব্যবসায়ী রাজ্জাক হাওলাদার অভিযোগ করেন, পুলিশ ছাড়াও ফেরি পার হওয়ার সময় অনেকেই নেতা পরিচয় দিয়ে তাঁর কাছ থেকে চাঁদা নিয়েছে। তিনি বলেন, ‘নেতারা নিছে ফেরিঘাটের খরচ বইলা। পুলিশ নিছে “বকশিশ” বইলা।’ব্যবসায়ীরা বলেন, দূরদূরান্ত থেকে বেশ কয়েকটি পশু নিয়ে তাঁরা লাখ বা হাজার টাকার ব্যবসা করার জন্য হাটে আসেন। তাই পথে পথে ‘বকশিশ’ বলে চাঁদা নেওয়া হলেও অনেক ব্যবসায়ী একে ‘টুকটাক খরচ’ হিসেবেই দেখেন। হয়রানির আশঙ্কা কিংবা ঝামেলা এড়াতে চাওয়ামাত্রই চাঁদা দিতে বাধ্য হন তাঁরা। এ ব্যাপারে কোথাও অভিযোগ করেন না তাঁরা। এমনকি অভিযোগ কোথায়, কীভাবে করতে হয়, তা-ও তাঁরা জানেন না।জানতে চাইলে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, ‘মহাসড়কে গরু বহনকারী গাড়ি থামানো নিষিদ্ধ। কেউ চাঁদাবাজি করছে কি না, তদারক করছে গোয়েন্দা দল।’ এই পর্যন্ত আমরা এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। তার পরও কোনো পুলিশ সদস্য এতে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’দাম বেশি, বিক্রি কম: পুরান ঢাকার হাটগুলোতে ঘুরে দেখা গেছে, গতবারের তুলনায় এবার পশুর দাম বেশি। তবে তা সহনীয় না অসহনীয়, তা নিয়ে পাওয়া গেছে মিশ্র বক্তব্য। ক্রেতারা বলছেন, গতবারের তুলনায় এবার পশুর দাম নাগালের বাইরে। তবে বিক্রেতাদের দাবি, দাম বেশি হলেও তা সহনীয় পর্যায়ে রয়েছে।দাম বেশি হওয়ার কারণ জানতে চাইলে টুলু বেপারী প্রথম আলোকে বলেন, গতবার গরু নিয়ে আসতে ট্রাক ভাড়া লেগেছিল ১৮ হাজার টাকা। এবার দিতে হয়েছে ৩০ হাজার। তা ছাড়া পশুর খাবারের দামও আগের তুলনায় বেশি। কত বেশি জানতে চাইলে তিনি বলেন, ‘এই তো, ২০-৩০ হাজার টাকা।’তবে গরুর দাম যা-ই হোক, গতকাল সোমবার পর্যন্ত পুরান ঢাকার হাটগুলো ছিল ক্রেতাশূন্য।