সিঁড়িতে ওঠার মুখেই ভিড়। লোকজন সারি দিয়ে সিঁড়ি বেয়ে উঠছেন-নামছেন। রীতিমতো ধাক্কাধাক্কি। কোনো আধুনিক বিপণিবিতানের নয়, কল্যাণপুর বাসস্ট্যান্ডের পদচারী-সেতুর চিত্র এটি। ঢাকা উত্তর সিটি করপোরেশন পদচারী-সেতুর নিচ দিয়ে সড়ক পারাপার বন্ধ করে দেওয়ায় পথচারীরা এ সেতু দিয়ে সড়ক পার হচ্ছেন।
কয়েক দিন আগেও কল্যাণপুর বাসস্ট্যান্ডের পদচারী-সেতুটি ব্যবহার করতেন গুটিকয়েক পথচারী। ঝুঁকি নিয়ে অধিকাংশ পথচারীই সেতুর নিচ দিয়ে দৌড়ে সড়ক পার হতেন। পথচারীদের যত্রতত্র পারাপারের ফলে বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের গতি থাকত ধীর। পথচারীদের এখন পদচারী-সেতু ব্যবহার না করে উপায় নেই।
গত মঙ্গলবার রাতে দেখা যায়, এ সেতুর নিচ দিয়ে পারাপার বন্ধ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন সড়ক বিভাজকে উঁচু বেড়া তুলে দিয়েছে। সেতুতে জ্বলছে বাতি। এতে ওঠানামার জন্য দুটি করে সিঁড়ি আছে। দুই পাশের সিঁড়ি দিয়েই লোকজন সারি দিয়ে ওঠানামা করছে। গতকাল বুধবার সকালে গিয়েও দেখা যায়, পথচারীরা সেতু দিয়ে সড়ক পার হচ্ছে।
পদচারী-সেতু ব্যবহারে বাধ্য করার এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন পথচারীরাও। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা তানভীর রবিন বলেন, যেখানে স্বেচ্ছায় কেউ নিয়ম মানতে চায় না, সেখানে জোর করেই মানাতে হয়। নিচ দিয়ে পারাপারের পথ বন্ধ করে দেওয়ায় লোকজন বাধ্য হয়েই ওভারব্রিজ ব্যবহার করছে। এভাবে সব ওভারব্রিজের নিচ দিয়ে পারাপারের পথ বন্ধ করে দেওয়া উচিত।
কল্যাণপুর বাসস্ট্যান্ডের পদচারী-সেতুটি জুন মাসের শুরুতে সংস্কার করা হয়। সংস্কার করার পরে সেতুর নিচে সড়ক বিভাজকের কয়েক ফুট জুড়ে লোহার বেড়া দেওয়া হয়। কিন্তু পথচারীরা লোহার বেড়া যেখানে শেষ হয়েছে, সেখান দিয়ে রাস্তা পার হতেন। তাই সংস্কারের পরেও পদচারী-সেতুতে খুব একটা উঠত না।
তা ছাড়া কল্যাণপুর বাসস্ট্যান্ডের পদচারী-সেতুতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় নিরাপত্তার অভাবে পথচারীরা এটি ব্যবহারে উৎসাহী হতেন না। এ বিষয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর কল্যাণপুর বাসস্ট্যান্ডের পদচারী-সেতুটিতে আলোর ব্যবস্থা করা হয়। গত সপ্তাহে ডিএনসিসির পক্ষ থেকে পদচারী-সেতুর নিচ দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার বন্ধ করতে আরও বিস্তৃত জায়গাজুড়ে লোহার বেড়া তুলে দেওয়া হয়।
পদচারী-সেতুর ওপরে কথা হয় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে। তিনি বলেন, ‘সময় বাঁচাতে নিচ দিয়েই রাস্তা পার হতাম। এখন ফাঁকা নেই, তাই পার হচ্ছি না। উদ্যোগটা নিঃসন্দেহে ভালো। ওভারব্রিজের পরিবেশ ভালো থাকলে তো চলাফেরা করতে সমস্যা নেই।’
কল্যাণপুর এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, সড়ক বিভাজকে ফাঁকা থাকায় লোকজন এলোপাতাড়ি রাস্তা পার হতো। এখন লোহার বেড়া দেওয়ায় সেতুতে না উঠে উপায় নেই।