পদ্মকুঁড়ি সংগঠনের দুই কর্মকর্তার বিরুদ্ধে সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু-কিশোরদের সাংস্কৃতিক সংগঠন পদ্মকুঁড়ির দুই কর্মকর্তার বিরুদ্ধে চেক প্রতারণার মামলায় সমন জারি করেছেন আদালত। আগামী ৮ এপ্রিল সমন ফেরতের জন্য দিন ধার্য করা হয়েছে। ঢাকার মহানগর হাকিম এ কে এম এনামুল হক এই আদেশ দেন। খুলনা জেলার রূপসা থানার শেখ আনিছুর রহমানের মেয়ে শ্রাবন্তী বাদী হয়ে গতকাল বুধবার পদ্মকুঁড়ির চেয়ারম্যান শহিদুল্লাহ ওরফে প্রিন্স ও সাধারণ সম্পাদক আবুল কাশেম ওরফে সোহাগের বিরুদ্ধে এই মামলা দায়ের করে। আইনজীবী বিধান চন্দ্র সাহা আদালতকে বলেন, আসামিরা ২০০৭ সালে পদ্মকুঁড়ি নামে দেশব্যাপী নৃত্য প্রতিযোগিতার আয়োজন করেন। ওই প্রতিযোগিতায় শ্রাবন্তী প্রথম স্থান অধিকার করে। যা বৈশাখী টেলিভিশনে প্রচার করা হয়। শ্রাবন্তীকে এক লাখ টাকার পুরস্কার ও ক্রেস্ট উপহার দেওয়ার কথা ঘোষণা করা হয়। আইনজীবী আদালতকে আরও বলেন, আসামিরা শ্রাবন্তীকে এক লাখ টাকার বদলে ৮৫ হাজার টাকার চেক দেয়। ওই চেক নগদায়নের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়। কিন্তু তাদের ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় ব্যাংক তা ফেরত দেয়। বিষয়টি তাদের জানানোর পরও চেকের বিষয়ে তারা কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণে চেক প্রতারণার এ মামলা করা হয়েছে।