পদ্মা জেনারেল হাসপাতালকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিরপুলের পদ্মা জেনারেল হাসপাতাল একটি মৃত শিশুকে জীবিত দেখিয়ে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) নিয়ে চিকিৎসার নামে প্রতারণা করেছে। এ জন্য হাসপাতালটিকে গতকাল সোমবার ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন র্যা ব-২ এর ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত দেখেত পান, ২৪ এপ্রিল ৮ বছরের শিশু জান্নাতুল নাঈমাকে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার জন্য ওই হাসপাতালে আনা হয়। কর্তৃপক্ষ শিশুটিকে এনআইসিইউতে স্থানান্তর করে। কিন্তু এনআইসিইউর কোনো সুবিধাই ওই হাসপাতালে বিদ্যমান নেই।
র্যা বের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুটির চিকিৎসার জন্য প্রশিক্ষিত চিকিৎসক ও নার্স সেখানে উপস্থিত ছিলেন না। অব্যবস্থাপনা ও অবহেলার কারণে শিশুটির মৃত্যু হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির মৃত্যুসংবাদ তার পরিবারকে না দিয়ে চিকিৎসা চালাতে থাকে। ভ্রাম্যমাণ আদালত হাসপাতালে হাজির হয়ে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পায়।
এ ছাড়াও কর্তৃপক্ষ ২১ শয্যার অনুমতি নিয়ে ১২০ শয্যার হাসপাতাল পরিচালনা করছিল। আদালত অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি পরিষ্কার না করা, নার্সদের নার্সিং কাউন্সিলের নিবন্ধন না থাকা, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকাসহ নানা অপরাধে পদ্মা জেনারেল হাসপাতাল-সংশ্লিষ্ট আটজনকে আটক করে। তাঁদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পদ্মা জেনারেল হাসপাতালের কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।