বেসরকারি চাকরিজীবী ইসমাইল হোসেন ঈদে বাড়ি যাবেন। তিনি বেলা ১১টায় আসেন সায়েদাবাদ টার্মিনালে। কয়েকটি কাউন্টার ঘুরে টিকিট জোগাড় করতে না পেরে হতাশ হন।
ইসমাইল প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো দিন এই টার্মিনালে আসিনি। পদ্মা সেতু চালু হওয়ায় মাওয়া হয়ে বাড়ি যেতে চাই, কিন্তু টিকিট পাচ্ছি না।’
একই অবস্থা নারায়ণগঞ্জের ডাইং কারখানার কর্মী পটুয়াখালীর আনোয়ার হোসেনেরও। কারখানা ছুটি হওয়ায় আজ পটুয়াখালী যাওয়ার জন্য সকাল সাড়ে ১০টায় আসেন সায়েদাবাদ টার্মিনালে। পরে বাসের টিকিট কাটতে আসেন সাকুরা পরিবহন কাউন্টারে। কিন্তু সেখানে টিকিট পাননি। আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে ঘুরছি, কিন্তু টিকিট পাচ্ছি না।’
পটুয়াখালী, বরিশাল, বরগুনার বহু যাত্রী আনোয়ার বা ইসমাইলের মতো সায়েদাবাদ টার্মিনালের বাস কাউন্টারে টিকিট পাচ্ছেন না।
এর কারণ জানতে চাইলে সাকুরা পরিবহনের ব্যবস্থাপক মোহাম্মদ ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, পদ্মা সেতু চালু হওয়ার কারণে গাবতলীর যাত্রীরা আসছেন সায়েদাবাদ টার্মিনালে। আবার সদরঘাট লঞ্চের যাত্রীরা এসে জড়ো হচ্ছেন এই টার্মিনালে। অথচ যাত্রীর তুলনায় বাস নেই। এ জন্য যাত্রীরা টিকিট না পেয়ে ভোগান্তিতে পড়েছেন।
সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সরেজমিন সায়েদাবাদ টার্মিনালে দেখা গেছে ঘরমুখী যাত্রীদের ভিড়। বাস কাউন্টারে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিরা বলছেন, পদ্মা সেতু চালু হওয়ায় দক্ষিণাঞ্চলের রুটের বাসগুলো জড়ো হয়েছে সায়েদাবাদ টার্মিনালে। এতে করে সংকীর্ণ এই টার্মিনালে যানজট লেগে রয়েছে। টার্মিনাল থেকে গাড়ি ছাড়তে সময় লাগছে।
ফেনী রুটের কে কে ট্রাভেলস পরিবহনের সায়েদাবাদ কাউন্টারের ব্যবস্থাপক তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পদ্মা সেতু চালু হওয়ার কারণে সায়েদাবাদে অন্য রুটের বাসের চাপ অনেক বেড়েছে। ঈদের সময় চাপ আরও বহুগুণ বেড়েছে। এতে করে টার্মিনাল থেকে গাড়ি বের হতে সময় লাগছে।
অবশ্য ঢাকা–চট্টগ্রাম, ঢাকা-সিলেট রুটের বাসগুলোয় যাত্রীদের চাপ কম দেখা গেছে। শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলো বাদে অন্য বাসের টিকিটও পাওয়া যাচ্ছে।
শ্যামলী পরিবহনের সায়েদাবাদের ব্যবস্থাপক কবির হোসেন খান প্রথম আলোকে বলেন, সায়েদাবাদ টার্মিনাল খুব ছোট। মূলত রাস্তার পাশে কাউন্টারগুলোর অবস্থান। পদ্মা সেতু চালু হওয়ায় অন্য রুটের বাস এসে জড়ো হয়েছে। আবার অন্য রুটের যাত্রীর চাপ অনেক বেশি। ফলে সায়দাবাদ টার্মিনালে হ-য-ব-র-ল অবস্থা।
বরিশালের জাকির হোসেন বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় বাসে করে বাড়ি যেতে চাই। কিন্তু টিকিট পাচ্ছি না।
তবে ফেনী রুটের সায়েদাবাদ স্টার লাইন বাস কাউন্টারের ব্যবস্থাপক মোহাম্মদ সজল বলেন, নন–এসি বাসের টিকিট পাওয়া যাচ্ছে। ভাড়া ৩২০ টাকা। আর এসি বাসের টিকিট ৩৭০ টাকা।