পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন নিয়ে সৃষ্ট জটিলতায় সরকারের ভূমিকা দেশকে অবমাননাকর অবস্থায় ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছে গণতান্ত্রিক বাম মোর্চা।সংগঠনটির দাবি, পদ্মা সেতু প্রকল্পের জটিলতা জাতীয় উন্নয়নে সরকারের অক্ষমতা পুনরায় স্পষ্ট করেছে। একইসঙ্গে নিজেদের চুরি, দুর্নীতি, লুণ্ঠন ও মসনদের নিরাপত্তার জন্য সরকার যে দেশের সার্বভৌমত্বও ভূলুণ্ঠিত করতে প্রস্তুত সেটাও নতুন করে উন্মোচিত হয়েছে।তোপখানা রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এই বক্তব্য তুলে ধরে বাম মোর্চা।এদিকে প্রকৌশলীদের একটি সংগঠন দাবি করেছে দেশীয় অর্থ ও কারিগরি জ্ঞান দিয়েই পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন সম্ভব। শুধু বলিষ্ঠ রাজনৈতিক নেতৃত্ব দরকার।বাম মোর্চার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, বিশ্বব্যাংকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলো মূলত দুর্নীতির অভিযোগ আড়াল করার জন্য বলেছেন। সরকার অনেক বাগাড়ম্বর করেছে। কিন্তু অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজেদের সততা প্রমাণ করার কোনো উদ্যোগ নেয়নি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) নেতা আবদুস আজিজুল হক, বাংলাদেশের কমিউনিস্ট লীগের নজরুল ইসলাম প্রমুখ। প্রকৌশলীদের সেমিনার: ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিট্যাক্টস ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের এক সেমিনারে বক্তারা বলেছেন, নিজস্ব অর্থ ও কারিগরি জ্ঞান দিয়েই পদ্মা সেতু নির্মাণ সম্ভব। এর জন্য দেশপ্রেম ও রাজনৈতিক নেতৃত্ব দরকার।সেমিনারে বুয়েটের সাবেক উপাচার্য এ এম এম সফিউল্লাহ বলেন, যমুনা ও দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু এ দেশের প্রকৌশলীরাই নির্মাণ করেছেন। পদ্মা সেতু নির্মাণেও তাঁদের পিছিয়ে রাখা যাবে না।অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, বিশ্বব্যাংকের নিয়ন্ত্রণ হোয়াইট হাউসের হাতে। তারা এ দেশের সাফল্য চায় না। তবে পদ্মা সেতু প্রকল্পে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার যথাযথ তদন্ত করতে হবে। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বক্তব্যে সমন্বয় থাকা উচিত। সেমিনারে দুটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ ও প্রকৌশলী সরদার আমিন। কাজী মো. শীশের সভাপতিত্বে আরও বক্তব্য দেন শেখ মুহম্মদ শহীদুল্লাহ, নিমাই গাঙ্গুলী, রুহিন হোসেন, সৌমিত্র দেব প্রমুখ।