প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগকে ‘ভুয়া’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, একটি ভুয়া জিনিসের ওপর নির্ভর করে পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে কথা বলা হচ্ছে। এখন পর্যন্ত এর কোনো প্রমাণ বিশ্বব্যাংক, কানাডা সরকার ও দুর্নীতি নিয়ে সোচ্চার গণমাধ্যমগুলো দেখাতে পারেনি। গতকাল শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমী মিলনায়তনে বিবিসি আয়োজিত বাংলাদেশ সংলাপে প্যানেল অতিথি মসিউর রহমান এসব কথা বলেন। অনুষ্ঠানে প্যানেল অতিথিদের কেউ কেউ এবং দর্শকেরা এই সরকারের বড় ব্যর্থতা হিসেবে পদ্মা সেতুর দুর্নীতির বিষয়টি উল্লেখ করার পরিপ্রেক্ষিতে তিনি তাঁর বক্তব্য তুলে ধরেন। মসিউরের বক্তব্যের পর অনুষ্ঠানের সঞ্চালক আকবর হোসেন বলেন, বিশ্বব্যাংক বলেছে, তারা প্রমাণের কাগজ বাংলাদেশ সরকারকে দিয়েছে। সরকার চাইলে এটা প্রকাশ করতে পারে। এর জবাবে মসিউর রহমান বলেন, ‘না, দেয়নি। বাংলাদেশ সরকার কানাডার কাছেও এটা চেয়েছে। তারাও দিতে পারেনি। বলেছে, তাদের দেশে এর বিচার শুরু না হওয়া পর্যন্ত দেবে না।’ তিনি বলেন, একটি নোটবুকের পাতার লেখার ওপর নির্ভর করে পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে বলা হচ্ছে। কিন্তু সেই পাতা কেউ দেখেনি। সোচ্চার পত্রপত্রিকাও তা প্রকাশ করতে পারেনি। এটা প্রকাশ না করেই দুর্নীতি হয়েছে, এটা বলা যায় না। সংলাপে আবুল মনসুর প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে শুধু সফলতার কথা বলেছেন, তাহলে কি সরকারের কোনো ব্যর্থতা নেই? এর জবাবে প্যানেল অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা না করাই ব্যর্থতা। এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের একটি মীমাংসিত ইস্যু সংবিধান থেকে বাদ দিয়ে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিয়েছে। আরেক অতিথি ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, সরকার ও বিরোধী দলের সংলাপ না হওয়া সরকারের ব্যর্থতা। আর আর্থিক খাতে এই সরকারের সফলতার চেয়ে ব্যর্থতাই বেশি। অ্যাকশনএইডের আবাসিক পরিচালক ফারাহ কবির বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে নারীর নিরাপত্তা দিতে না পারা সরকারের একটা বড় ব্যর্থতা। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সৃষ্ট জটিলতার কারণে আবার এক-এগারোর মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে কি না, এই প্রশ্নের জবাবে মসিউর রহমান বলেন, এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নেই। তবে আমীর খসরু বলেন, এ ধরনের পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা আছে। নির্বাচনের মাধ্যমে এই সরকার অন্য দলের কাছে ক্ষমতা দিতে চায় না। তাই তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা দিতে পারে। জিএসপি সুবিধা বাতিলসংক্রান্ত প্রশ্নের জবাবে প্যানেল অতিথিরা বলেন, আলাপ-আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধানে সরকারকে উদ্যোগ নিতে হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেন বিবিসির ওয়ালিউর রহমান।