পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যানের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান হাসান আহমেদের (৫৭) মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে রাজধানীর পল্টন থানায় হত্যা মামলা করা হয়েছে।
হাসান আহমেদের ছোট ভাই কবির হোসেন বাদী হয়ে গতকাল মঙ্গলবার এই মামলা করেন। মামলায় হাসান আহমেদের স্ত্রী, শাশুড়ি, শ্যালক, শ্যালিকাসহ আটজনকে আসামি করা হয়েছে।
গতকাল রাতে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
ওসি সালাহ উদ্দিন বলেন, হাসান আহমেদ সপরিবার পল্টন বক্স কালভার্ট রোডের রূপায়ণ তাজ ভবনের ১৪ তলায় বসবাস করতেন। পরিবারের পক্ষ থেকে পুলিশকে বলা হয়, হাসান আহমেদ হৃদ্রোগে ভুগছিলেন। গত সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
ওসি সালাহ উদ্দিন আরও বলেন, গতকাল দুপুরে হাসান আহমেদের ছোট ভাই কবির হোসেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে একটি অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, হাসান আহমেদকে শারীরিক ও মানসিক নির্যাতন করে তাঁর স্ত্রীসহ আটজন মিলে হত্যা করেছেন। আদালতের নির্দেশে বিকেলে পল্টন থানায় হত্যা মামলা নেওয়া হয়।
পুলিশ জানায়, বিকেলে হাসান আহমেদের জানাজা হচ্ছিল। তখন পুলিশ সেখানে গিয়ে হাসান আহমেদের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
হাসান আহমেদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, ‘আমার স্বামী কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন। অথচ তাঁর ভাই আমিসহ আমার মা-ভাই-বোনদের বিরুদ্ধে হত্যা মামলা করে হয়রানি করছেন। আমি ন্যায়বিচার চাই।’
জান্নাতুল ফেরদৌসের ভাষ্য, তাঁর স্বামী দুই বছর আগে স্ট্রোক (মস্তিষ্কে রক্তক্ষরণ) করেছিলেন। তখন তাঁকে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়। সেই থেকে তাঁর স্বামী দাঁড়াতে পারতেন না। তিনি হুইলচেয়ারে করে চলাফেরা করতেন। হাসান আহমেদের সম্পত্তি আত্মসাতের জন্য আগেও চেষ্টা করা হয়েছে। এখনো হচ্ছে।
বক্তব্য জানতে আজ বুধবার সকালে কবির হোসেনের মুঠোফোনে কল করা হয়। সাড়া না পেয়ে খুদেবার্তা পাঠানো হয়। পরে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
হাসান আহমেদের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।