রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের বাইরে বোমা হামলা মামলায় আখতার হামিদ পবনের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ আদালত আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন। গত সোমবার পবনের পক্ষে জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফজিলা বেগম এ তারিখ নির্ধারণ করেন। ওই দিন আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের ওপর শুনানি হবে। এর আগে গত ৩ নভেম্বর পবন মাদকাসক্ত হয়ে চিকিৎসাধীন থাকায় সময়ের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। আদালত সূত্র জানায়, গতকালও একই কারণ দেখিয়ে সময়ের আবেদন করা হয়। পবন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি গত সোমবার আদালতে হাজির না হওয়ায় তাঁর আইনজীবী জামিনের মেয়াদ বাড়ানোসহ সময় চেয়ে আবেদন জানান।গত ১০ অক্টোবর আত্মসমর্পণ করলে পবনকে আদালত অন্তর্বর্তী জামিন দেন। এ মামলার অপর তিন আসামি প্রদীপ সাহা, গোলাম সাব্বির ওরফে শোভন ও সুলতান হাসান ওরফে রনি কারাগারে আছেন।