পর পর হরতালে কাহিল শ্রমজীবী মানুষ
কাঠমিস্ত্রি দুলাল চন্দ্র বিশ্বাস। গ্রামের বাড়ি মাদারীপুরে। ঢাকায় এসেছেন এক বছর আগে। এক ছেলে নিয়ে তিনি শেখ সাহেব বাজারে ভাড়াবাড়িতে থাকেন। প্রতিদিন সকালে নীলক্ষেত মোড়ে বসেন। লোকজন এসে চুক্তি করে তাঁকে কাজে নেন। কিন্তু গত দুদিনে কোনো কাজ মেলেনি তাঁর ভাগ্যে। তবু প্রতীক্ষা, যদি একটা কাজ জোটে।গতকাল সোমবার দুপুর ১২টার দিকে নীলক্ষেত মোড়ে কথা হয় দুলালের সঙ্গে। বললেন, ‘সকাল সাতটায় কোনো রকম একটু খাইয়া এখানে আইস্যা বইয়া আছি। কিন্তু কাজ তো পাই না। গতকাইলও কাজের ল্যাইগা বাইরাইছিলাম। কাজ পাই নাই। এইভাবে চললে তো না খাইয়া থাকন লাগব।’বিএনপির ডাকা হরতালে দুলালের মতো অবস্থা রাজধানীর হাজারো শ্রমজীবী মানুষের। বিশেষ করে যাঁরা দিন এনে দিন খান, তাঁদের অবস্থা শোচনীয়। রাজধানীর বিভিন্ন মোড়ে বসে আছেন। কিন্তু কাজের চুক্তি করতে কেউ আসছেন না। হাত গুটিয়ে অলস সময় কাটছে তাঁদের। ওদিকে বাড়িতে তাকিয়ে আছে পুরো পরিবার।সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ফুটপাতে বসে ছিলেন শ্রমিক সোহরাব হোসেন। রাজমিস্ত্রি, রং করা বা বাসে চালকের সহযোগী—যখন যে কাজ পান, তা-ই করেন তিনি। জানালেন, ‘হরতালের কারণে দুই দিন ধরে বসে আছি। কাজ পাইলে বউ-বাচ্চাদের জন্য ভালো বাজার করতে পারতাম। কাজ নাই, এখন ধার করে চলা লাগবে। কাজ পাইলেও প্যাট খাবার চায়, না পাইলেও চায়। প্যাট তো আর হরতাল চিনে না।’বেলা দুইটার সময় মালিবাগ মোড়ের পাশে কয়েকজন শ্রমিকের জটলা। কাছে যেতেই উৎসুক একজন কথা বলতে এগিয়ে এলেন। বয়স পঞ্চাশের কাছাকাছি। নাম জানতে চাইলে বলে চলেন, ‘মোর নাম ফরিদা বেগম। লেখি নিয়া যায়া কী করবেন? বিএনপি আর আওয়ামী লীগ হামার সঙ্গে তামশা করবার নাগচে। খালি গন্ডগোল করে আর তামাশা দেকে। আমাদের নিয়া ভাবে না। ওরা লোক মারে, গরিবের প্যাটে লাথি মারে। হামরা ওদের বিচার আল্লার কাছোত চাই।’ক্ষোভের সঙ্গে কথাগুলো বলেই ফরিদা অন্য শ্রমিকদের উদ্দেশে হাঁক দিলেন, ‘চল রে, আইজ আর কাজ পাওয়া যাইবে না। পাইলে সকালেই পাইতাম।’কারওয়ান বাজারের শ্রমিক মো. আলম জানান, কারওয়ান বাজারে তাঁদের কখনোই কাজের অভাব হয় না। কিন্তু হরতালের কারণে ঢাকার বাইরে থেকে অনেক পণ্যবাহী ট্রাক আসতে পারেনি। তাই এখানকার অনেক শ্রমিকও হাত গুটিয়ে বসে আছেন। কাজ না পেয়ে পরিবার-পরিজন নিয়ে তাঁরা চিন্তিত।শ্রমিকেরা জানান, হরতালে দুদিন নিষ্কর্ম থাকার পর তাঁরা আশায় বুক বেঁধেছিলেন, আজ মঙ্গলবার থেকে আবার হয়তো আগের মতো কর্মচঞ্চলতায় ফিরতে পারবেন। তবে এদিনও হরতাল দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।