দক্ষিণ এশিয়ার নগরগুলোতে বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করছে। বায়ুদূষণ পরবর্তী এই প্রজন্মের জন্য বড় ধরনের স্বাস্থ্যগত সমস্যা নিয়ে আসবে। এ কারণে নগরে ইঞ্জিনচালিত যান কমাতে হবে। কিন্তু এসব শহরে বেশি করে যানবাহন আমদানি এবং উড়ালসেতুর মতো ব্যয়বহুল অবকাঠামো নির্মাণের দিকে নীতিনির্ধারকদের মনোযোগ বেশি।গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নগর বায়ু মান ও গতিবিধি ব্যবস্থাপনা’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে বক্তারা এসব কথা বলেন। তাঁরা শহরে হাঁটা পথ, সাইকেল, রেল ও নৌপথে যাতায়াতের সুযোগ সৃষ্টির জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকারগুলোকে পরামর্শ দেন।দিল্লিভিত্তিক সংস্থা সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট (সিএসই) ও বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজিবি) যৌথ আয়োজনে এই আলোচনায় ভারত ও বাংলাদেশের পরিবেশবিদেরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, দেশে ইঞ্জিনচালিত ১৪ লাখ যানবাহনের মধ্যে মাত্র দুই লাখ সিএনজিচালিত। অপরিকল্পিত নগরায়ণ ও অনিয়ন্ত্রিত ডিজেলচালিত যানবাহনের কারণে বায়ুদূষণ সমস্যা দিন দিন বাড়ছে।আলোচনায় মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর পরিবেশগত সমস্যার সমাধানে কোনো সরকারই সঠিক উদ্যোগ নেয় না মন্তব্য করে বলেন, ‘কত শতাংশ ভোট নিয়ে এলে সরকার জনগণের সমস্যার সমাধান করবে, তা একটি বড় প্রশ্ন আকারে হাজির হয়েছে। দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় এসেও বর্তমান সরকার জনগণের সমস্যার সমাধানে উদ্যোগ নিচ্ছে না।’মূল প্রবন্ধ উপস্থাপনকালে সিএসইর অনুমিতা রায় চৌধুরী বলেন, দক্ষিণ এশিয়ার দ্রুত বিকাশমান শহরগুলোতে বায়ুদূষণের সমস্যা একই রকম। তাই সমস্যার সমাধানে অভিন্ন উদ্যোগ নিতে হবে।ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের মারুফ রহমান বলেন, ২০০৪-০৫ সালে ডিজেলচালিত থ্রি স্ট্রোক ইঞ্জিন তুলে দেওয়ার পরের কয়েক বছর দূষণ কম ছিল। সম্প্রতি দূষণ আবারও আগের অবস্থায় ফিরে এসেছে।সাবেক পরিবেশ ও বনসচিব সাবিহউদ্দিন আহমেদ বলেন, ২০০৪-০৫ সালে যখন সিএনজিচালিত গাড়ির প্রচলন করা হলো, তখন দেশের খনি বিশেষজ্ঞরা বলেছিলেন, ‘বাংলাদেশ গ্যাসের ওপর ভাসছে’। এখন তাঁরাই আবার বলছেন, ‘গ্যাস নেই’। রাজধানীর যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা ঠিক করে যানজট ৩০ শতাংশ কমানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি।পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার হোসেন বলেন, দেশে ইঞ্জিনচালিত যানবাহনের সংখ্যা ১৪ লাখ, যার মধ্যে মাত্র দুই লাখ সিএনজিচালিত। ফলে বাকি ১২ লাখ যানবাহন ক্রমাগতভাবে বায়ুদূষণ করে যাচ্ছে। এ জন্য সমন্বিত পরিকল্পনার মাধ্যমে দূষণ দূর করতে হবে।এফইজেবির সভাপতি কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন দ্য নিউ নেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, পরিবেশ সাংবাদিক ফোরামের হাসান হাফিজ ও বদিউল আলম এবং বাংলাদেশ সংবাদ সংস্থার মৃণাল কৃষ্ণ রায়।