পরাজিত পাকিস্তানপন্থীদের পরিকল্পিত আগ্রাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সামরিক অধিনায়কদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম বলেছে, দেশজুড়ে জামায়াত-শিবিরের ‘বর্ণতাতীত’ সহিংসতা ও নৈরাজ্য একাত্তরের পরাজিত পাকিস্তানপন্থীদের পরিকল্পিত আগ্রাসন।গতকাল রোববার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি মুক্তিযোদ্ধা ও নতুন প্রজন্মসহ সব দেশপ্রেমিক মানুষকে এ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে।সেক্টর কমান্ডারস ফোরামের বিবৃতিতে জানানো হয়, শনিবার অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী পরিষদের এক বৈঠকে চলমান সহিংসতায় জানমালের ক্ষয়ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, ফোরাম চলমান ঘটনাকে জামায়াত-শিবিরের পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির প্রয়াস বলে মনে করে। বৈঠকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যকে চরম দায়িত্বজ্ঞানহীন, উসকানিমূলক ও রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসনকারীদের পক্ষে নির্লজ্জ সাফাই বলে অভিহিত করা হয়। এতে বলা হয়, পাকিস্তানপন্থী মৌলবাদী অপশক্তির পক্ষ ধারণ করে খালেদা জিয়া প্রকাশ্যেই বাংলাদেশবিরোধী অপশক্তির মূল নেতা হিসেবে নিজেকে অভিষিক্ত করেছেন।সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা বৈঠকে মত প্রকাশ করেন, নিজস্ব আইনে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির বিধান করা বাংলাদেশ রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা পূরণে যে বা যাঁরা প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হবেন, তাঁরা রাষ্ট্রদ্রোহের দায়ে অভিযুক্ত হবেন। তাঁরা বলেন, যারা জাতীয় পতাকার অবমাননা করে, শহীদ মিনারে হামলা চালায়, পরিকল্পিতভাবে ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে, সরকারি-বেসরকারি স্থাপনা ধ্বংস করে, তাদের প্রতিরোধ করা ছাড়া রাষ্ট্রের হাতে আর কোনো বিকল্প থাকতে পারে না।ফোরাম দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ঘরবাড়ি ও উপাসনালয়ে অগ্নিসংযোগ ও পরিকল্পিত হামলার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানিয়েছে।