পরিকল্পনাবিদেরা অভিযোগ করেছেন, রাজউকসহ উন্নয়ন কর্তৃপক্ষগুলো তাদের এলাকার পরিকল্পনা প্রণয়ন এবং সেই অনুযায়ী উন্নয়ন নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত। বাস্তবে পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন নিয়ন্ত্রণে তাদের সক্ষমতা কখনো দেখা যায় না। গতকাল শনিবার পরিকল্পনাবিদদের প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। তাঁরা বলেন, যেকোনো ব্যর্থতায় ৫৯০ বর্গমাইল এলাকার উন্নয়ন নিয়ন্ত্রণে রাজউক তাদের জনবলসংকটের কথা বলে। কিন্তু প্রায় এক হাজার ১০০ জনবলের রাজউকে মাত্র আড়াই শ জন নগর পরিকল্পনার সঙ্গে যুক্ত। আট শর ওপরে জড়িয়ে আছে উড়ালসড়ক বা সড়ক নির্মাণের মতো কাজে। এসব কাজের জন্য সরকারের নানা সংস্থা আছে। ‘সাভারে ভবন ধস এবং ভবিষ্যৎ করণীয়’ বিষয়ে এই সংবাদ সম্মেলনে বিইপির সাধারণ সম্পাদক খোন্দকার এম আনসার হোসেন মূল প্রবন্ধ পড়েন। মূল বক্তব্যে সাভারের রানা প্লাজা ধসের চারটি সম্ভাব্য কারণ তুলে ধরা হয়। এগুলো হলো দালানের দুর্বল ভিত, অনুমোদনের অতিরিক্ত তলা নির্মাণ, ভবনের ব্যবহার পরিবর্তন এবং স্থপতি ও প্রকৌশলীদের তদারকির অভাব। বলা হয়, বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) ভূমি ব্যবহার জোনিং পরিকল্পনা অনুযায়ী রানা প্লাজার প্লটটি আবাসিক জোন হিসেবে চিহ্নিত। এর কারণে বাণিজ্যিক ভবন হিসেবে অনুমোদন পাওয়াটি বৈধ নয়। ক্ষমতাবান হওয়ার কারণেই এভাবে ভবন নির্মাণ করার সুযোগ হয়েছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।লিখিত বক্তব্যে বলা হয়, রানা প্লাজা ধসে পড়ার পর রাজউক ভবনটি নির্মাণে তাদের অনুমতি গ্রহণ করা হয়নি বলে জানায়। এ ছাড়া প্রয়োজনীয় লোকবলের অভাবে এসব অবৈধ ভবন নিয়ন্ত্রণ করতে পারছে না বলেও বক্তব্য দেওয়া হয়। দীর্ঘ মেয়াদে রাজনৈতিক, প্রশাসনিক ও বিনিয়োগ বিকেন্দ্রীকরণের মাধ্যমে পুরো দেশকে ভৌত পরিকল্পনার মধ্যে নিয়ে আসার প্রস্তাব দেন পরিকল্পনাবিদেরা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিআইপির সভাপতি গোলাম রহমান, পরিকল্পনাবিদ আফরোজা আহমেদ প্রমুখ।