রাজধানীতে পরিকল্পনা ছাড়া প্রকল্পভিত্তিক নানা কাজ করতে গিয়ে যানজট সমস্যার সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘এই যানজট আমাদেরই সৃষ্টি।’
আজ শুক্রবার রাজধানীর গুলশানের বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে ক্ষুদ্রঋণ সংস্থা শক্তি ফাউন্ডেশনের ৩০তম বর্ষপূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন ডিএনসিসির মেয়র।
মেয়র আতিক বলেন, ‘রাজধানীর যানজট নিরসন এক দিনের বিষয় নয়। এ যানজট আমাদেরই সৃষ্টি। পরিকল্পনা ছাড়া প্রকল্পভিত্তিক কাজ করতে গিয়ে রাজধানীতে এই অবস্থা সৃষ্টি হচ্ছে।’
যাতায়াত ব্যবস্থার উন্নতি করতে গিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেলের নিচে যে পিলারগুলো রয়েছে, সেগুলো যানজট সৃষ্টির অন্যতম কারণ বলে উল্লেখ করেন মেয়র।
যানজট নিরসনে প্রাকৃতিক পথ, বিশেষ করে নদীপথে যোগাযোগব্যবস্থা উন্নত করার বিষয়ে জোর দিতে হবে বলে মনে করেন আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে শক্তি ফাউন্ডেশনের সদস্যদের তৈরি সামগ্রী প্রদর্শনী ও বিক্রির আয়োজন করা হয়। এ ছাড়া শক্তি স্বাস্থ্য ক্যাম্পের পাশাপাশি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, শক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান মাহবুবা আক্তার, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হুমায়রা ইসলাম, উপনির্বাহী পরিচালক ইমরান আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।