ঝুলে আছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড। কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মানচিত্রে জায়গাটি উত্তরা ১০ নম্বর সেক্টরের খেলার মাঠ হিসেবে বরাদ্দ দেওয়া। উত্তরার ১০ নম্বর সেক্টরের এমবাংম্যান্ট রোডের ২ নম্বর প্লটের ক্রয়সূত্রে মালিক এখন ওই বিশ্ববিদ্যালয়। ১০ নম্বর সেক্টরের বাসিন্দারা এ নিয়ে ক্ষুব্ধ।
সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘রাজউকের খসড়া পরিকল্পনা অনুযায়ী আশাবাদী ছিলাম, খেলার মাঠ হিসেবে ব্যবহারের জন্য আমরা ওই স্থানটি বরাদ্দ পাচ্ছি। কিন্তু হঠাৎ করে জায়গাটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে বিক্রয়পূর্বক বরাদ্দ দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, উত্তরা মডেল টাউনের সবচেয়ে বড় সেক্টর হলো ১০ নম্বর সেক্টর। এখানে সাড়ে ৩ হাজার প্লটে ৮০ হাজারের বেশি মানুষ বসবাস করেন। কিন্তু এ সেক্টরে কোনো খেলার মাঠ নেই। নুরুল আলম আরও বলেন, ওই স্থানের আশপাশে আরও খোলা জায়গা আছে। সেখানে কিছু জমি সেক্টরের খেলার মাঠ হিসেবে বরাদ্দ করা হলে ভালো হয়। রাজউক উত্তরা অঞ্চলের উপপরিচালক বাবুল মিয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আসলে এ ব্যাপারে ফাইলপত্র না দেখে আমি কিছু বলতে পারছি না। কীভাবে বরাদ্দ হয়েছে, তা আমি জানি না।’
এলাকাবাসীর অভিযোগ, শুধু খেলার মাঠই না, তাঁরা অন্য অনেক নাগরিকসুবিধা থেকে বঞ্চিত। উত্তরার বৃহত্তম এই সেক্টরে নেই কোনো পার্ক, সপ্তাহের প্রায় পাঁচ দিনই পানি থাকে না। ১০ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলমের অভিযোগ, ৬ নম্বর রোডে মসজিদের পাশে পার্কের জন্য রাজউক একটি জমি বরাদ্দ দিয়েছিল। সেটা রাজউকের বোর্ডেও অনুমোদন পায়। পরে সেই জমিও সেক্টরের কাছে হস্তান্তর না করে অন্য এক ব্যক্তিকে বরাদ্দ দেওয়া হয়।