পরিচ্ছন্ন নগর গড়তে ‘ক্লিন ঢাকা সপ্তাহ’ শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আজ রোববার থেকে শুরু হচ্ছে ‘ক্লিন ঢাকা সপ্তাহ’। এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘পরিচ্ছন্ন ঢাকা নগর গড়ি’। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে। ঢাকা শহরে বসবাসরত লোকজন এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য হিসেবে গড়ে তোলার মানসিকতা নিয়ে এ কার্যক্রম চালু করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ঢাকা সিটি করপোরেশন থেকে যদি এক দিন বর্জ্য সরানো না হয়, তাহলে ময়লার গন্ধে এক দিনও চলা যাবে না। স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করা ছাড়া সফল বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব নয়। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ও এতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে তাদের উদ্ধুদ্ধ করতে ২০০৫ সাল থেকে তাদের মহাপরিকল্পনা ছিল। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, গণমাধ্যমে প্রচারিত সংবাদগুলো যেন গঠনমূলক হয়। তিনি বলেন, রাজধানীর বর্জ্য অপসারণের জন্য আগামী মার্চ-এপ্রিলে ১০০টি অত্যাধুনিক গাড়ি আসছে।বক্তারা বলেন, ঢাকা শহরে বসবাসকারী এক কোটি ২০ লাখ লোক বসবাস করে। প্রতিদিন প্রায় ৩০ লাখ লোক ভাসমান চলাফেরা করে। এসব মানুষ দৈনিক চার হাজার ২০০ টন বর্জ্য তৈরি করে। প্রতিদিন সিটি করপোরেশন দুই হাজার থেকে দুই হাজার ২০০ টন বর্জ্য অপসারণ করে থাকে। আর টোকাইরা ময়লা থেকে বোতল, পলিথিন, চামড়া, কাগজ ও প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন পণ্য সংগ্রহ করে থাকে। যার পরিমাণ ৭০০ থেকে ৮০০ টন। অবশিষ্ট বর্জ্য লোকজন বস্তির পাশে ও নর্দমায় ফেলছে। বক্তারা আরও বলেন, রাজধানীর ডেমরা ও আমিনবাজারে দুটি ডাম্পিং স্টেশন আছে। রাজধানীর উত্তর ও দক্ষিণাঞ্চলে আরও দুটি স্টেশন গড়ে তোলার কাজ অনেকটা এগিয়ে এসেছে। ময়লা ফেলার জন্য নতুন গাড়ি আসার পর রাস্তার পাশ থেকে ময়লার কনটেইনারগুলো (ডাস্টবিন) সরিয়ে নেওয়া হবে। এতে কনটেইনার থেকে সৃষ্ট তরল পদার্থ থাকবে না, দুর্গন্ধ ছড়াবে না এবং দিনের বেলায় ময়লার গাড়ি চলাচল করলে কোনো সমস্যার সৃষ্টি হবে না। পচনশীল ও অপচনশীল বস্তু আলাদা করে রাখা হবে। এতে ৩০ শতাংশ সমস্যা কমে আসবে। তিনি বলেন, রাজধানীতে অপরিকল্পিত নগর গড়ে উঠেছে। এখানে ২৫ শতাংশ সড়ক থাকার কথা থাকলেও সেখানে রয়েছে মাত্র সাত শতাংশ।ক্লিন ঢাকা সপ্তাহ কর্মসূচিকে সফল করতে ঢাকা সিটি করপোরেশন ও জাইকার একটি দক্ষ দল যৌথভাবে প্রচারণা শুরু করেছে। বিভিন্ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, ক্লাব, এলাকাভিত্তিক সংগঠন এবং এলাকাবাসীর অংশগ্রহণে পালিত হবে এ সপ্তাহ। ঢাকা সিটি করপোরেশন ও জাইকার আয়োজনে এ কর্মসূচিতে সহযোগিতা করছে ওয়াটার এইড, সেইথ, আর্থ ক্লাব ও গ্রামীণফোন। গতকাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, ঢাকা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপন কুমার সাহা, জাইকার প্রতিনিধি রিয়াদ মাহমুদ ও প্রকল্প পরিচালক তারিক বিন ইউসুফ।