পরিচ্ছন্ন রাখতে প্রস্তুত ডিসিসির ১০ হাজার কর্মী
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে বসা গরুর হাট এবং কোরবানির পশু জবাই করার পর রাজধানীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ব্যাপক প্রস্ততি নিয়েছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। রাজধানীকে ১০টি অঞ্চলে ভাগ করে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। এ জন্য বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানা গেছে।ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানান, রাজধানীর পশুর হাটগুলোতে প্রায় ১২ হাজার টন বর্জ্য উৎপন্ন হয়। এসব বর্জ্য অপসারণে ডিসিসির সাত হাজার পরিচ্ছন্নতাকর্মী, ৩০০ গাড়িচালক, গাড়ি মেরামতের জন্য ৩০ জন এবং বাসাবাড়ি থেকে ময়লা-আবর্জনা নেওয়ার জন্য সাড়ে তিন হাজার কর্মী নিয়োজিত থাকবে। যেসব পরিচ্ছন্নতাকর্মী এ কাজে নিয়োজিত থাকবেন তাঁদের অগ্রিম পরিশ্রমিক দেওয়া হয়েছে। কোরবানির বর্জ্য অপসারণের পর ব্লিচিং পাউডার ছেটানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে ইতিমধ্যে পরিচ্ছন্নতাসংক্রান্ত লিফলেট রাজধানীর প্রতি ওয়ার্ডে বিতরণ করা হয়েছে। এ ছাড়া পশু জবাই ও পরবর্তী করণীয় নিয়ে ২০ হাজার প্রচারপত্রও বিলি করা হয়েছে।ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান বিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘কোরবানির ঈদে রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। ডিসিসির ১০ হাজারের বেশি কর্মীকে এ কাজে নিয়োজিত করা হয়েছে। বর্জ্য অপসারণের জন্য ৪০টি গাড়ি রাখা হয়েছিল। আজ (সোমবার) জাপান সরকারের কাছ থেকে আরও ১০০ অত্যাধুনিক গাড়ি পাওয়া গেছে।’ বর্জ্য অপসারণ এবং সার্বক্ষণিক তদারকের জন্য বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রকৌশলীর সমন্বয়ে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, কোরবানির হাটগুলো পরিচ্ছন্ন করার জন্য ছয়টি পে-লোডার, দুটি টায়ারডোজার, ২০টি ডাম্পার, ছয়টি টেইলর, তিনটি প্রাইম মুভার ও ১০টি পানির গাড়ি (পাইপ যুক্ত) রাখা হয়েছে। হাটগুলোতে ব্লিচিং পাউডার ছেটানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তা ছাড়া কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ঈদের দিন বেলা ১২টা থেকে প্রয়োজনীয় ট্রাক, পে-লোডার, টায়ারডোজার, ডাম্পার, পানির গাড়ি, টেইলরের ব্যবস্থা রাখা হয়েছে। বর্জ্যের দুর্গন্ধ ও রোগব্যাধি বিস্তার রোধে পানির সঙ্গে অ্যান্টিসেপটিক তরল স্যাভলন মিশিয়ে ছেটানো হবে।