ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে ৭ মার্চ ঢাকায় আসছেন জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০৩ জন শিক্ষার্থী। বিদেশে উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কর্মসূচির অংশ হিসেবে জাপানের শিক্ষার্থীরা এ অভিযানে অংশ নেবেন বলে জানা গেছে।গতকাল বৃহস্পতিবার জাপানের ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার্স ইউনি-ভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের দুজন প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎকালে এ তথ্য জানান। ৮ মার্চ মঙ্গলবার থেকে সপ্তাহব্যাপী ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করবেন।উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘জাপানি শিক্ষার্থীরা ক্যাম্পাসে সাত-আট দিন অবস্থান করবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পুকুর, হলসহ বিভিন্ন স্থানে তারা পরিচ্ছন্নতা অভিযান চালাবে। জাপানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে অবস্থান এবং এখানকার শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবে।’উপাচার্য জানান, জাপানের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ শিক্ষার্থীও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেবে।